.webp)
দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ঋষভ পন্থ
শেষ আপডেট: 22 October 2024 16:38
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলছেন। মারাত্মক চোট নিয়েও তিনি বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৯ রানের একটি ধামাকাদার ইনিংস খেলেন। এদিকে ২০২৫ আইপিএল মেগা অকশনের আগে ঋষভকে নিয়ে একাধিক জল্পনা ছড়িয়ে পড়ছে। শোনা যাচ্ছে, নয়া মরশুমে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তাঁর যাবতীয় সম্পর্ক ছিন্ন হতে পারে। সম্প্রতি ঋষভ একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছিলেন। সেই স্টোরি দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো চমকে যান। এরপর থেকেই একাধিক জল্পনা তৈরি হতে থাকে।
২০২৫ আইপিএল মেগা অকশনের আগে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালস আরও একবার দলের অধিনায়ক ঋষভ পন্থকে রিটেন করতে পারে। ইতিমধ্যে পন্থের লেটেস্ট ইনস্টা স্টোরি রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে। এই স্টোরি দেখার পরই ফ্যানেরা বলতে শুরু করেছেন, আগামী মরশুমে ঋষভ হয়ত নতুন কোনও ফ্র্যাঞ্চাইজির হাত ধরতে পারেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে ঋষভ পন্থ একটি ছবি শেয়ার করেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, 'কখনও কখনও চুপ থাকাটাই শ্রেয়। ঈশ্বর আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেয়।' এখানেই শেষ নয়। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে তো একথাও দাবি করা হয়েছে যে ইনস্টাগ্রামে দিল্লি ক্যাপিটালস দলের অফিশিয়াল অ্যাকাউন্ট আনফলোও করে দিয়েছেন ঋষভ।
দিল্লি ক্যাপিটালস আজ পর্যন্ত একবারও আইপিএল খেতাব জয় করতে পারেনি। গত কয়েকবছর ধরেই এই দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। কিন্তু, আজ পর্যন্ত দলকে তিনি চ্যাম্পিয়ন করতে পারেননি। গাড়ি দুর্ঘটনার পর গত মরশুমে ফের এই টুর্নামেন্টে কামব্যাক করেন ঋষভ। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে তিনি বেশ ভাল পারফরম্য়ান্সও করেছিলেন। কিন্তু, তাঁর দল শেষ চারে জায়গা করতে পারেনি।