.jpg)
আইপিএল খেলতে প্রস্তুত বিরাটরা
শেষ আপডেট: 28 November 2024 16:43
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইপিএল অকশনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেশ কয়েকজন তরুণ তুর্কিকে দলে নিয়েছে। যদিও এই মেগা অকশনে দলের পুরনো ক্রিকেটারদের তেমন পাত্তা দেওয়া হয়নি। অন্য ফ্র্যাঞ্চাইজিরা সহজেই তাঁদের নিজেদের দলে টেনে নিয়েছে।
তবে আইপিএল অকশন শেষ হওয়ার পর আরসিবি নতুন স্কোয়াডের ব্যাপারে হিন্দি ভাষায় একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছিল। এরপর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। গোটা ব্যাপারটা আসলে কী, আসুন জেনে নেওয়া যাক।
২০২৫ আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রধাণত তরুণ ক্রিকেটারদের উপরেই বেশি জোর দিয়েছে। আরসিবি-র এই নতুন দল আইপিএল টুর্নামেন্টের আসন্ন মরশুম খেলতে প্রস্তুত। এই কথাটাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছিল আরসিবি। কিন্তু, পোস্টটা হিন্দি ভাষায় ছিল। লেখা ছিল, 'আমাদের স্কোয়াড দুরন্ত ক্রিকেটারদের নিয়ে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের জন্য একেবারে প্রস্তুত।'
কিন্তু, এই পোস্টটি হিন্দি ভাষায় করার কারণে তা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়। কন্নড় সমর্থকদের একাংশ ইতিমধ্যে আপত্তি তুলতে শুরু করেছেন। এই সমর্থকদের দাবি, রয়্যাল চ্য়ালেঞ্জার্স দলের অধিকাংশ সমর্থকই কন্নড় ভাষায় কথা বলেন। তাঁদের দাবি, আরসিবি-র কন্নড় ভাষাতেই পোস্ট করা উচিত ছিল। এই হিন্দি ভাষার পোস্ট দেখে তাঁরা রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন। হিন্দি ভাষার বিরোধিতা করেন তাঁরা।