
শতরান করলেন রবিচন্দ্রন অশ্বিন
শেষ আপডেট: 19 September 2024 17:15
দ্য ওয়াল ব্যুরো: এলেন, দেখলেন এবং জয় করলেন। চেন্নাইয়ের 'লোকাল বয়' রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রে এই কথাটা বলা যেতেই পারে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতের একের পর এক ব্যাটার যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, সেই সময় একা হাতে কার্যত টিম ইন্ডিয়ার রাশ নিজের হাতে তুলে নিলেন তিনি। আর শেষপর্যন্ত দুরন্ত একটি শতরান করে ভারতীয় ক্রিকেট দলের মান বাঁচালেন। টেস্ট ক্রিকেটে এই নিয়ে তিনি ষষ্ঠ শতরান পূরণ করে ফেললেন।
চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম সেশন টিম ইন্ডিয়ার কাছে একেবারে আশানুরূপ হয়নি। হাসান মেহমুদের আগুন বোলিং ভারতের টপ অর্ডারের কোমর কার্যত ভেঙে দেন। একের পর এক ফিরে যান রোহিত শর্মা (৬), শুভমান গিল (০) এবং বিরাট কোহলি। ঋষভ পন্থ (৩৯) কিছুটা হাল ধরলেও, খুব বেশি আশার আলো দেখাতে পারেননি তিনি। অন্যদিকে কামব্যাকের মঞ্চ কাজে লাগাতে পারলেন না কে এল রাহুলও (১৬)।
টপ অর্ডার ব্যাটারদের মধ্যে একমাত্র টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল (৫৬) হাফ সেঞ্চুরি করলেন। তবে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার এই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স করলেন। অশ্বিন শতরান করলেও তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজা। আপাতত তিনি ০০ রানে ব্যাট করছেন।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দল যখন ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল, ঠিক সেইসময় ব্যাট করতে নামেন রবি। চেন্নাই টেস্টের শুরু থেকেই অশ্বিন ব্যাট হাতে যথেষ্ট ভাল ছন্দে ছিলেন। এই ম্যাচে তিনি ১০৮ বলে শতরান করলেন। ইতিমধ্যে তিনি ১০ বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন। অশ্বিনকে আউট করতে বাংলাদেশি বোলারদের যাবতীয় ফন্দি বৃথা হয়ে যায়।
অশ্বিনের এই শতরানের দৌলতে টিম ইন্ডিয়ার ভিত আপাতত যথেষ্ট শক্ত হয়ে গিয়েছে। আপাতত তাঁর সতীর্থ ব্যাটার রবীন্দ্র জাদেজা শতরানের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন। টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার শতরান করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।
উল্লেখ্য, টেস্ট কেরিয়ারে অশ্বিন এই নিয়ে ষষ্ঠ শতরানটি সেরে ফেললেন। তবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে জোড়া শতরান করেছেন। গত দুটো ইনিংসেই অশ্বিনের ১০০+ রান রয়েছে। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই অফস্পিনার ম্যাচজয়ী শতরান করেছিলেন।