
অ্যাডিলেড টেস্টে কামব্যাক রবি অশ্বিনের
শেষ আপডেট: 6 December 2024 11:03
দ্য ওয়াল ব্যুরো : ২০২০ সালে অ্যাডিলেডে শেষবার যখন রবিচন্দ্রন অশ্বিন খেলেছিলেন, সেইসময় প্রথম ইনিংসে তিনি ৪ উইকেট শিকার করেছিলেন। আর সেই দৌলতে ১৯৪ রানে অলআউট হয়েছিল। সকলেই জানেন যে এই টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। কিন্তু, অনেকেই হয়ত ভুলে গিয়েছেন, দ্বিতীয় ইনিংসে অশ্বিনের এই স্পেলের দৌলতেই টিম ইন্ডিয়া ৪৩ রানের লিড নিয়েছিল।
অনেকেই মনে করছেন, এই কারণেই হয়ত ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট অশ্বিনকে প্রথম একাদশে ফিরিয়ে এনেছে। আশা, এবারও তিনি হয়ত তেমনই কোনও ম্যাজিক করতে পারবেন। অশ্বিনের পাশাপাশি এই ম্য়াচে কামব্যাক করেছেন রোহিত শর্মা এবং শুভমান গিলও।
পারথের মতো অ্যাডিলেডেও নীতিশ রেড্ডি নিজের ব্যাটিং প্রতিভার প্রতি সুবিচার করতে পারেন কি না, সেদিকে সকলেই তাকিয়ে রয়েছে। কারণ অশ্বিনের কামব্যাকের কারণে বাদ পড়েছেন ওয়াশিংটন সুন্দর। টিম ইন্ডিয়ার লোয়ার অর্ডারে ওয়াশিংটন কিন্তু বেশ 'সুন্দর' ব্যাট করতে পারেন। এবার সেই দায়িত্বটা নীতিশকেই নিতে হবে।
ঘটনাচক্রে, অশ্বিন ইতিমধ্যেই নেটে যথেষ্ট ঘাম ঝরিয়েছেন। সবথেকে বড় ব্যাপার, নীতিশ রেড্ডিকে একের পর এক ড্রিফটারে তৈরি করেছেন তিনি। এই ভেন্যুতে অশ্বিন তিন ম্য়াচে মোট ১৬ উইকেট শিকার করেছেন। তাঁর ইকোনমি রেট ২.৬৪। গম্ভীরের এই ভরসার দাম অশ্বিন দিতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।