.webp)
টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন
শেষ আপডেট: 24 September 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই টেস্ট জয়ের পর ভারতীয় ক্রিকেট দল আপাতত কানপুরের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রথম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া বাংলাদেশকে ২৮০ রানে পরাস্ত করেছিল। চেন্নাই টেস্টে টিম ইন্ডিয়ার জয়ের নায়ক অবশ্যই রবিচন্দ্রন অশ্বিন। কানপুরেও ধামাকাদার পারফরম্যান্সের জন্য প্রস্তুত তিনি। প্রথম টেস্ট ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন। তবে কানপুরেও তিনটে বড় রেকর্ডের দোরগোড়ায় তিনি দাঁড়িয়ে রয়েছেন।
চামিন্ডা ব্যাসের রেকর্ড ভাঙতে পারেন অশ্বিন
চেন্নাই টেস্ট ম্যাচে অশ্বিন মোট ৬ উইকেট শিকার করেছেন। আর সেইসঙ্গে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এই তালিকায় এবার তিনি শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রাক্তন পেসার চামিন্ডা ব্যাসের রেকর্ড ভাঙতে পারেন। চামিন্ডা আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭৬১ উইকেট শিকার করেছিলেন। অশ্বিন এখনও ১১ উইকেট পিছিয়ে রয়েছেন। কানপুরে ১২ উইকেট শিকার করতে পারলেই তিনি এই রেকর্ডটি নিজের পকেটে পুরতে পারবেন।
টেস্ট ক্রিকেটে সপ্তম সফল বোলার হওয়ার সুযোগ রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের সামনে। আপাতত সপ্তম স্থানে ৫৩০ উইকেট শিকার করে দাঁড়িয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লিয়ন। অশ্বিন এখনও পর্যন্ত ৫২২ উইকেট শিকার করেছেন। কানপুর টেস্টে আর ৯ উইকেট শিকার করতে হবে তাঁকে।
২০১৯ সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রবিচন্দ্রন অশ্বিন এখনও পর্যন্ত ৩৬ ম্যাচে ১৮০ উইকেট শিকার করেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সর্বাধিক সফল বোলার তিনি। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ন। তিনি ৪৩ ম্যাচে ১৮৭ উইকেট শিকার করেছেন। অশ্বিন আর ৮ উইকেট শিকার করতে পারলেই এই রেকর্ড নিজের পকেটবন্দি করতে পারবেন।