
মায়াঙ্ক যাদব এবং রতন টাটা
শেষ আপডেট: 11 October 2024 14:06
দ্য ওয়াল ব্যুরো: গত ৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের স্বনামধন্য শিল্পপতি রতন টাটা। পার্থিব শরীর তিনি ত্যাগ করলেও, তাঁর চিন্তাধারা আজও দেশের প্রত্য়েকটা মানুষকে অনুপ্রাণিত করে। শুধু ভারতই নয়, গোটা বিশ্বের একাধিক মানুষকে উদ্বুদ্ধ করেছেন তিনি।
সেই তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেট দলের তরুণ পেস বোলার মায়াঙ্ক যাদবেরও। একটি ইন্টারভিউয়ে মায়াঙ্ক নিজেই সেকথা স্বীকার করেছেন। জানিয়েছে, রতন টাটার একটা কথা কীভাবে তাঁর গোটা জীবন বদলে দিয়েছিল।
২০২৪ আইপিএল টুর্নামেন্টে আগুন পারফরম্য়ান্সের পর মায়াঙ্ক যাদব একটি ইউটিউব চ্যানেলে (মনজ্যোৎ কালরা) ইন্টারভিউ দিতে এসেছিলেন। সেখানে তিনি রতন টাটার বেশ কয়েকটি কথা বলেছিলেন। রতন টাটা বলেছিলেন, 'আমি প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করি। তারপর সেই সিদ্ধান্তটা সঠিক করার চেষ্টা করি।'
এই লাইনটা আওড়ালেন মায়াঙ্ক যাদব এবং বললেন যে স্যার রতন টাটার এই একটা লাইনই আমার জীবনে সবথেকে বড় ভূমিকা গ্রহণ করেছে। আসলে মায়াঙ্ক নিজের জীবনের একটি ঘটনার কথা শেয়ার করেন। কেরিয়ারের একেবারে শুরুর দিকে সার্ভিসেস দলের হয়ে খেলার অফার তাঁর কাছে এসেছিল। কিন্তু, সেই প্রস্তাব নাকচ করেন মায়াঙ্ক। কারণ তিনি দিল্লি সিনিয়র দলের হয়ে খেলতে চেয়েছিলেন।
বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন মায়াঙ্ক যাদব। ডেবিউ ম্য়াচে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। প্রথম ওভারে মেডন নিয়ে অজিত আগরকর এবং আর্শদীপ সিংয়ের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। এই ম্য়াচে মায়াঙ্ক ২১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। এছাড়া দ্বিতীয় ম্য়াচেও তিনি একটি উইকেট শিকার করেছেন।