
নিউজিল্যান্ডকে একাই শেষ করে দিলেন গুরবাজ।
শেষ আপডেট: 8 June 2024 15:00
দ্য ওয়াল ব্যুরো: রবীন্দ্রনাথের গল্পে কাবুলিওয়ালাকে আপন করে নিয়েছিল এক বাঙালি পরিবার। আজ এই একুশ শতকে, ক্রিকেট ব্যাটের সৌজন্যে, এক কাবুলিওয়ালার জন্য আজ প্রার্থনা করে আপামর বাঙালি। তিনি, কলকাতা নাইট রাইডার্সের রহমানুল্লাহ গুরবাজ। পাকিস্তান-আমেরিকা ম্যাচের পর গতকাল আরও একটি 'জায়ান্ট কিলার' ম্যাচে গুরবাজের আফগানিস্তান কার্যত উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। যাদের কিনা এতদিন সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে ধরা হচ্ছিল। অবশ্য দলগতভাবে খেললেও, ম্যাচে একাই দাপটে দুর্ধর্ষ কিউই ব্রিগেডকে শাসন করলেন গুরবাজ।
আফগানিস্তানকে অবশ্য আর 'ছোট দল' বলে ধরা যাবে কিনা সন্দেহ আছে। তালিবানি শাসনে দেশে টালমাটাল অবস্থা, রাজনীতি উত্তাল, অর্থনীতির হাঁফ ধরে গিয়েছে। অথচ তার মাঝেই কাবুল-কান্দাহারে যেন একটুকরো সোনালি রেখা আফগান ক্রিকেট। কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও অনুশীলনের ফলে একাধিক আফগান ক্রিকেটার এখন প্রায় আন্তর্জাতিক তারকা। আইপিএলে গুরবাজ, রাশিদ খান, নূর আহমেদ, নবীন উল-হক, আজমাতুল্লাহ ওমরজাইয়ের মত একাধিক আফগান নজর কেড়েছেন।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারে অবশ্য গুরবাজ তেমন সুযোগ পাননি। ওপেনে পাকা জায়গা নিয়েছিলেন ফিল সল্ট। তাঁর দাপটে ওপেন নিয়ে আর ভাবতে হয় গম্ভীরদের। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য এলিমিনেটরের আগে ইংরেজ ক্রিকেটারদের দেশে ফেরার হুকুম জারি হতেই কেকেআরের জার্সিতে প্রথম দলে আসেন গুরবাজ। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুরবাজ ও বেঙ্কটেশ আইয়ার কার্যত একাই ম্যাচ বের করে দেন। আইপিএলের পরে পৃথিবীর অন্য গোলার্ধে এসে বিশ্বকাপেও সেই আফগান ধামাকা অব্যাহত।
গায়ানার জর্জটাউনে প্রভিডেন্স স্টেডিয়ামে গ্রুপ সি-র প্রথম ম্যাচে উগান্ডাকে দাঁড়াতেই দেয়নি আফগানিস্তান। বা, আরও ভাল করে বললে, দুই ওপেনার রহমনুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দু'জনে ব্যাট করতে নেমে দেড়শো রানের বিরাট পার্টনারশিপ গড়ে দেন আফগান জুটি। প্রথম উইকেট পড়ে ১৫৪ রানে। ততক্ষণে গুরবাজ ৭৬ তুলে দিয়েছেন, জাদরান ৭০। মোট ১৮৩ তাড়া করতে নেমে ৫৮ রানে গুঁড়িয়ে যায় উগান্ডা। তাও না হয় মানা যায়, উগান্ডা একেবারেই আনকোরা দল। কিন্তু পরের ম্যাচ যে কেন উইলিয়ামসনদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ট্রেন্ট বোল্টদের কি আটকাতে পারবে আফগানরা?
বস্তুত, আটকানো নয়। আবার সেই গুরবাজ-ঝড়! কিউইদের প্রায় একাই উড়িয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের আফগান ওপেনার। ৫৬ বলে ৮০ রানের বিরাট ইনিংস খেললেন, মারলেন ৫ খানা চার ও ৫ খানা ছক্কা। আফগানিস্তানের ১৫৯ রানের জবাবে ১৫ ওভার ২ বলে ৭৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ড। এমনিতে এবারে একটিও প্রস্তুতি ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড। সেই ছাপটা দেখা গেল। বাজে ফিল্ডিং, সহজ ক্যাচ ছাড়া। কিন্তু তারপরেও হয়ত ব্যাট হাতে গুরবাজের মত কেউ রুখে দাঁড়ালে ব্ল্যাক ক্যাপসদের একটা আশা থাকত। কিন্তু নিউজিল্যান্ডের গোটা ইনিংসে সর্বোচ্চ স্কোর করলেন গ্লেন ফিলিপস, মাত্র ১৮!