
আশ্বিন
শেষ আপডেট: 15 January 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: ঘটা করে বিদায় জানানোর কোনও মানে নেই। শুধুমাত্র অবসরের সেন্টিমেন্ট মাথায় রেখে আরও একটা টেস্ট খেলা নিরর্থক। অবসর নিয়ে এই প্রথম খোলামেলা কথা বললেন স্পিনার রবিচন্দ্র অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে ইদনীং বেশ সক্রিয় মেজাজে দেখা যাচ্ছে অশ্বিনকে। বিরাট কোহলির অবসর জল্পনা থেকে রোহিতের অধিনায়কত্ব—নানান ইস্যুতে সপাটে বক্তব্য রাখছেন তিনি। এবার অবসরের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।
আসলে অশ্বিনের টেস্ট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত এতটাই আচমকা ছিল যে, তাকে কেন্দ্র করে অনুরাগী ও সমালোচকদের মধ্যে বিস্তর জলঘোলা শুরু হয়। চার টেস্টের বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় ম্যাচের পরেই অশ্বিন জানান, তিনি আর দলের হয়ে খেলবেন না। গাব্বার ওই টেস্ট ভারত ড্র করে। এবং অশ্বিনের বর্ণময় টেস্ট কেরিয়ারে নেমে আসে যবনিকা।
কেন একটা টেস্ট সিরিজ চলাকালীন অবসর নিতে হল তাঁকে? শেষ ম্যাচ খেলে কি বিদায় জানাতে পারতেন না তিনি? এতদিন এই প্রশ্ন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছিল। অনেকেই এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেয়েছিলেন। অশ্বিনের নীরবতা তাতে আরও ইন্ধন যুগিয়েছিল। এবার এই বিতর্কে নিজের বক্তব্য জানাতে গিয়ে তিনি বলেন, ‘ভেবে দেখুন তখন কী হয়েছিল। আমি প্রথম টেস্ট খেলিনি। পরেরটা খেলি। আবার তৃতীয় ম্যাচে বাদ পড়ে যাই। চতুর্থ টেস্টে আমি সুযোগ পেতেও পারতাম, নাও পেতে পারতাম।‘ অর্থাৎ, তাঁকে দলে রাখাকে কেন্দ্র করে যে অনিশ্চয়তা ও ডামাডোল দেখা দিয়েছিল, তার জেরেই যে তিনি সরে এসেছেন, এদিন সেই বিষয়টি স্পষ্ট করেছেন অশ্বিন।
এর প্রেক্ষিতেই ‘ফেয়ারওয়েল টেস্ট’ নামক সাজো সাজো আয়োজনের বিরোধিতা করেছেন তারকা স্পিনার। তিনি বলেন, ‘কী এসে যায়, যদি আমি বল হাতে মাঠে নামি আর সমর্থকেরা হাততালি দেয়? কতদিন ধরে তাই নিয়ে কথা বলবে লোকে? আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন সমর্থকেরা খেলোয়াড়দের অবসর নিয়ে চর্চা করত ঠিকই। কিন্তু এক সপ্তাহ পরে সবাই ভুলে যেত। ফেয়ারওয়েলের কোনও প্রয়োজন নেই। এই খেলা আমায় অনেক কিছু দিয়েছে এবং আমরা অনেক আনন্দ নিয়ে খেলেছি।‘
জাতীয় দলের টুপি খুলে রাখলেও ক্রিকেট যে তাঁকে আপাতত ছেড়ে যাচ্ছে না, সেই বিষয়টি সাফ করে দিয়েছেন অশ্বিন। পরের গন্তব্য তাহলে কী? কোনও নাম খোলসা না করলেও তিনি বলেন, ‘অবশ্যই ভারতীয় জাতীয় দলের ড্রেসিং রুম নয়। অন্য কোথাও, অন্য কোনও খানে। আমি আমার খেলা নিয়ে বরাবর সৎ থাকতে চাই। একবার কল্পনা করুন, যোগ্যতা না থাকা সত্ত্বেও আমি ফেয়ারওয়েল টেস্ট খেলতে চাইলাম কিংবা অবসর টেস্ট বলেই আমায় দলে নেওয়া হল। আমি তা চাই না।‘