
আগে ব্যাট করতে নেমে রীতিমত জমিয়ে দিলেন পাঞ্জাব কিংসের প্রভসিমরণ সিংহ। (ছবিঃ বিসিসিআই)
শেষ আপডেট: 19 May 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: নেহাত নিয়মরক্ষার ম্যাচ! কিন্তু দেখে কে বলবে? উলটে মনে হবে, আরে এই দাপট আরও চার-পাঁচটা ম্যাচ আগে হলে তো বিরাট কোহলিদের সঙ্গে কঠিন লড়াই দেওয়া যেত প্লে-অফের জন্য। আজ সানরাইজার্স হায়দরাবাদের সামনে রীতিমত ঝোড়ো ব্যাট করে গেলেন পাঞ্জাব কিংসের প্রভসিমরণ সিংহ, রিলি রুশোরা।
টসে জিতে আজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব। শিখর ধাওয়ান চোটের জন্য বাইরে। অ্যাদ্দিন দলকে নেতৃত্ব দিচ্ছিলেন স্যাম কারান। তিনিও বিশ্বকাপের প্রস্তুতিতে দেশে ফিরে গিয়েছেন। ফিরেছেন অন্যতম নির্ভরযোগ্য মুখ জনি বেয়ারস্টো। ফলে আজ দলকে নেতৃত্ব দিচ্ছেন জিতেশ শর্মা। ওপেনার প্রভসিমরণ সিংহের সঙ্গে শুরুটা অবশ্য ভালই করলেন অথর্ব তাইড়ে। রীতিমত জমিয়ে দেন দু'জনে। ২৭ বলে ৪৬ করে যান তাইড়ে, মারেন চারটে চার, দুটো ছক্কা। প্রভসিমরণ করেন ৪৫ বলে ৭১। কিন্তু অথর্ব আউট হতেই হাল ধরেন দক্ষিণ আফ্রিকার রুশো। ২৪ বলে ৪৯ রানের তারিফ করা ইনিংসে ছিল চারটে বিশাল ছক্কা, তিনটে বাউন্ডারি।
হায়দরাবাদের বোলারদের মধ্যে কেউই তেমন নজর কাড়তে পারেননি। নীতিশ কুমার রেড্ডি তো বেমক্কা মারধোর খেলেন। শেষ ওভারে দুটো ছয় না হলে দুশোর মধ্যেই আটকে দেওয়া যেত। প্যাট কামিন্স ও ভুবনেশ্বর কুমার, দুই অভিজ্ঞ বোলার চার ওভারে ৩৬ রান দিয়েছেন। শুধু মুখ রাখলেন টি নটরাজন। চার ওভারে ৩৩ রান দিয়ে তুললেন দু'টি উইকেট। বিশেষ করে ১৮ ওভারে জিতেশকে যেভাবে রুখলেন, সত্যিই তারিফযোগ্য। আপাতত দেখার, হায়দরাবাদের 'ট্র্যাভিষেক ঝড়' এর জবাবে কী খেল দেখান।