পৃথ্বীর সাম্প্রতিক ফর্ম এখন নির্বাচকদের নজরে, আর রুতুরাজের এই সৌজন্যের নজির মাঠের বাইরেও আলো কাড়ছে।
.jpeg.webp)
পৃথ্বী ও রুতুরাজ
শেষ আপডেট: 29 October 2025 11:53
দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) দুর্দান্ত ইনিংস খেলেও ম্যাচ–সেরার পুরস্কার পেলেন না পৃথ্বী শ (Prithvi Shaw)। আয়োজকদের বিচারে উপেক্ষিত হলেও দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) কিন্তু থেমে থাকলেন না। দেখালেন সৌজন্য। ইদানীং বিশ্বক্রিকেটের যা অবস্থা, তার নিরিখে ‘বিরল’-ই বটে! ‘অফিশিয়াল’ নির্দেশের তোয়াক্কা না করে নিজেই পুরস্কার ভাগ করে নিলেন পৃথ্বীর সঙ্গে!
মহারাষ্ট্রের (Maharashtra) হয়ে সিজনের দ্বিতীয় ম্যাচে চণ্ডীগড়ের (Chandigarh) বিরুদ্ধে অপরাজেয় ২২২ রানের ইনিংস খেলেন পৃথ্বী শ। দলের প্রথম জয় নিশ্চিত হয় তাঁর ব্যাটে ভর করে! ১৪৪ রানে জেতে মহারাষ্ট্র। প্রথম ইনিংসে মাত্র ৮ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে চণ্ডীগড়ের বোলিং আক্রমণ কার্যত একা হাতে ভেঙে দেন। ৭২ বলে শতরান, পরের ৬৯ বলে ডাবল সেঞ্চুরি। ১৪১ বলে দ্বিশতরান করে ভারতের তৃতীয় দ্রুততম দুশো রানের রেকর্ড গড়েন পৃথ্বী।
রবি শাস্ত্রীর (Ravi Shastri) ১৯৮৫ সালে ১২৩ বলে এবং তন্ময় আগরওয়ালের (Tanmay Agarwal) ২০২৪ সালে ১১৯ বলে ডাবল সেঞ্চুরির পরেই থাকবে এই ইনিংস। ১৫৬ বলে ২২২ রানে ছিল একাধিক নিখুঁত ড্রাইভ ও ২০টি বাউন্ডারি। দ্বিতীয় ইনিংসে মহারাষ্ট্রের স্কোর দাঁড়ায় ৪৬৩, লক্ষ্য সব মিলিয়ে ৪৬৪ রানের। জবাবে চণ্ডীগড় গুটিয়ে যায় ৩১৯ রানে। মুকেশ চৌধুরি (Mukesh Choudhary) ও রামকৃষ্ণ ঘোষ (Ramakrishna Ghosh) নেন ৪টি করে উইকেট।
যদিও নাটক তখনও ফুরোয়নি। লড়াই–শেষে আরেক দফা অবাক হওয়ার পালা। ম্যাচ–সেরার পুরস্কার আয়োজকদের সিদ্ধান্তে গেল অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ঝুলিতে, যিনি প্রথম ইনিংসে করেছিলেন ১১৬। কিন্তু সম্মান হাতে আসতেই তিনি বলে দেন, ‘এই ম্যাচে আসল অবদান পৃথ্বীর। তাই পুরস্কারটা ওর সঙ্গেই ভাগ করছি!’ এরপর ডেকে পৃথ্বীকে, হাতে তুলে দেন মেডেল। মুহূর্তে হাততালিতে ভরে ওঠে মাঠ। https://x.com/Crex_live/status/1983155889747141114?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1983155889747141114%7Ctwgr%5Ee652b569b36cfc743365fc5082aa893ee139baf4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fcricket%2Fruturaj-gaikwad-s-gesture-steals-the-show-after-prithvi-shaw-denied-ranji-honour-despite-third-fastest-double-century-101761709826691.html
মুম্বই (Mumbai) ছেড়ে এ বছরই মহারাষ্ট্রে যোগ দিয়েছেন পৃথ্বী। আগেই বলেছেন, ‘এই পর্যায়ে এসে নতুন পরিবেশে খেলা আমার উন্নতিতে সাহায্য করবে!’ সিজনের আগে বুচি বাবু টুর্নামেন্টে (Buchi Babu Tournament) তিন ইনিংসে করেছিলেন ১৭৮ রান, যার মধ্যে ছিল একটি শতরান। এরপর রঞ্জি প্রস্তুতি ম্যাচে নিজের প্রাক্তন দল মুম্বইয়ের বিরুদ্ধে হাঁকান ১৮১। মহারাষ্ট্রের হয়ে প্রথম রঞ্জি ম্যাচে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেন হাফ–সেঞ্চুরি। আর চণ্ডীগড়ের বিরুদ্ধে দু’নম্বর ম্যাচেই জোরালো প্রত্যাবর্তন!
মহারাষ্ট্রের পরের ম্যাচ সৌরাষ্ট্রের (Saurashtra) বিরুদ্ধে, নাসিকে (Nasik) ১ নভেম্বর থেকে। পৃথ্বীর সাম্প্রতিক ফর্ম এখন নির্বাচকদের নজরে, আর রুতুরাজের এই সৌজন্যের নজির মাঠের বাইরেও আলো কাড়ছে।