.jpg)
সমালোচকদের জবাব দিলেন পৃথ্বী শ
শেষ আপডেট: 2 December 2024 13:19
দ্য ওয়াল ব্যুরো : গত ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আইপিএল মেগা অকশন আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই পৃথ্বী শ'র জন্য দর হাঁকেনি। সেকারণে ইতিমধ্যে তাঁকে একাধিক কটাক্ষও সহ্য করতে হয়েছে। এমনকী, তাঁর ফিটনেস এবং লাইফস্টাইল নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। অবশেষে যাবতীয় সমালোচনার জবাব দিলেন পৃথ্বী।
বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলছেন পৃথ্বী শ। নাগাল্যান্ড বনাম মুম্বই ম্যাচে তাঁর ব্যাট থেকে চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া গেল। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল নাগাল্যান্ড। ১৯.৪ ওভারে তারা মাত্র ১০৭ রানে অলআউট হয়ে যায়।
এরপর মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন পৃথ্বী শ। তিনি দুর্দান্ত ব্যাটিং করেন এবং দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। এই ম্যাচে পৃথ্বী ২৯ বলে ৪০ রান করেছেন। তাঁর ব্যাট থেকে ৩ বাউন্ডারি এবং ৩ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে।
২০২৫ মেগা নিলামে পৃথ্বী শ আনসোল্ড থাকার পর অনেকেই অভিযোগ করেছিলেন যে তিনি নাকি সিনিয়রদের পরামর্শে কর্ণপাত করেন না। পাশাপাশি, দলের অনুশীলনেও অনুপস্থিত থাকেন তিনি। পাশাপাশি অত্যাধিক পার্টি করার জন্য তাঁকে নিয়ে হামেশাই ট্রোলিং হতে থাকে। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন পৃথ্বী শ। কিন্তু, এবার দিল্লি তাঁকে রিলিজ করে দেয়।
এরপর মেগা অকশনে পৃথ্বীর জন্য আর কেউ আগ্রহ প্রকাশ করেনি। এমনকী, তাঁর বেস প্রাইসও মাত্র ৭৫ লাখ টাকা ছিল। টিম ইন্ডিয়ায় কামব্যাক করার জন্য পৃথ্বীকে আপাতত কঠোর অনুশীলন করতে হবে। একটা সময় পৃথ্বী শ'কে ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা হত। কিন্তু, বর্তমানে ভারতীয় ক্রিকেট দলেও তাঁর জায়গা হচ্ছে না।