
নতুন করে শুরু করতে চায় গুজরাট টাইটান্স
শেষ আপডেট: 22 October 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের আগে গুজরাট টাইটান্স একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী মরশুমের জন্য পার্থিব প্যাটেলকে দলে নিয়ে আসা হয়েছে। গুজরাট টাইটান্স দলের ব্যাটিং মেন্টর হিসেবে যোগ দিয়েছেন পার্থিব প্যাটেল। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনের জায়গায় এসেছেন তিনি।
ইতিপূর্বে গুজরাট টাইটান্স দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে কাজ করেছেন গ্যারি কার্স্টেন। কিন্তু, গত কয়েক মরশুমে গুজরাট টাইটান্স নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি। ২০২৪ সালে ১৪ ম্য়াচের মধ্যে গুজরাট টাইটান্স মাত্র পাঁচটাতেই জয়লাভ করেছিল। আর বাকি ৭ ম্যাচে তারা হেরে গিয়েছিল। আশা করা যায়, গুজরাট টাইটান্স দলের কোচ আশিষ নেহরার সঙ্গে হাতে হাত মিলিয়ে দলের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী করবেন।
২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশনের আগে গুজরাট টাইটান্স বড়সড় পদক্ষেপ গ্রহণ করল। দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে যোগ দিলেন পার্থিব প্যাটেল। গুজরাট টাইটান্সে যোগ দেওয়ার আগে মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন তিনি। উল্লেখ্য, ২০২০ সালে ক্রিকেটের তিনটে ফরম্য়াট থেকেই পার্থিব অবসর গ্রহণ করেছেন।
টিম ইন্ডিয়ার হয়ে পার্থিব প্যাটেল ২৫ টেস্ট, ৩৮ ওয়ানডে এবং জোড়া টি-২০ ম্য়াচ খেলেছেন। পার্থিবের কাছে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সেইদিক থেকে গুজরাট টাইটান্স লাভবান হতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স দলে ঘরোয়া প্রতিভা তুলে আনার ক্ষেত্রে পার্থিব প্যাটেল দুর্দান্ত কাজ করেছিলেন। আশা করা হচ্ছে, পার্থিবের আগমনে গুজরাট টাইটান্স যথেষ্ট লাভবান হতে পারে।