মাঠে কী ঘটছে তা আমরা কেবল নিয়ন্ত্রণ করতে পারি। অন্যান্য বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ড্রেসিংরুমে, আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনাও করি না।
.png.webp)
হরমনপ্রীত কউর
শেষ আপডেট: 27 September 2025 17:01
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এ ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দুটিতেই জিতেছে ভারত। কোনও ম্যাচেই ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। এমনকি টসের পরে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান ক্যাপ্টেন সলমন আঘার সঙ্গে করমর্দন করেননি। সূর্য বলেছেন, পহেলগামে সন্ত্রাসী হানায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আচরণ। এই নিয়ে চলছে তুমুল বিতর্ক।
এদিকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে সামনেই রয়েছে মহিলা ওডিআই বিশ্বকাপ (Women’s World Cup)। তার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) পুরুষদের এশিয়া কাপ ঘিরে যে করমর্দন বিতর্ক চলছে তা উড়িয়ে দিয়ে বলেছেন, তাঁরা বিশ্বকাপে কেবল ক্রিকেট খেলতে এসেছেন এবং তাঁদের মনোযোগ ক্রিকেটের উপরই থাকবে।
এশিয়া কাপের করমর্দন বিতর্ক (Handshake Controversy) হরমনপ্রীত বলেন, "মাঠে কী ঘটছে তা আমরা কেবল নিয়ন্ত্রণ করতে পারি। অন্যান্য বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ড্রেসিংরুমে, আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনাও করি না। আমরা এখানে কেবল ক্রিকেট খেলতে এসেছি, এবং আমাদের মনোযোগ ক্রিকেটের উপরই থাকবে।"
২০২৫ সালের আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের আগে ক্যাপ্টেন্স ডে-তে সাংবাদিকদের হরমনপ্রীত বলেন, "এই মুহূর্তে, আমাদের মনোযোগ উদ্বোধনী ম্যাচের দিকে, কারণ এটিই টুর্নামেন্টের গতিপথ নির্ধারণ করবে। সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। আমরা মাঠের বাইরে ঘটে যাওয়া কোনও কিছুর উপর মনোযোগ দেব না।"
হরমনপ্রীত বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন, ক্রিকেট এখনও একটি খেলা, কোনও প্রদর্শনীর জায়গা নয়। তিনি বলেন, “যখন আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তখন আমি কেবল ভারতের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম। এখন, বিশ্বকাপে দলের নেতৃত্ব দেওয়া অবিশ্বাস্য।”
উল্লেখ্য, ভারতীয় মহিলা ক্রিকেট দল তিনবার আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে- ১৯৯৭, ২০০৫ এবং ২০১৭ সালে। কিন্তু খেতাব এখনও অধরা। হরমনপ্রীত এই বিষয়ে বলেন, "আমরা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ক্যাম্প এবং অনুশীলন সেশনের আয়োজন করেছি। এই ভেন্যুগুলিতে ম্যাচ দেখার পর্যাপ্ত তথ্য এবং অভিজ্ঞতা আমাদের আছে, তাই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুত থাকব।"