
যশ দয়াল এবং হর্ষিত রানা
শেষ আপডেট: 12 October 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড টেস্ট সিরিজের জন্য ইতিমধ্যে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। এই ঘোষণার পর একাধিক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। মহম্মদ সামি এখনও পর্যন্ত ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি। টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন হিসেবে জসপ্রীত বুমরাহকে বেছে নেওয়া হয়েছে।
ইতিমধ্যে আরও একটি বিষয় আলোচনার টেবিলে উঠতে শুরু করেছে। টিম ইন্ডিয়ার এই স্কোয়াডে সুযোগ হয়নি যশ দয়ালের। সেই যশ দয়াল যিনি ২০২৩ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের তারকা ফিনিশার রিঙ্কু সিংয়ের হাতে পাঁচ বলে পাঁচ ছক্কা খেয়েছিলেন। শোনা যাচ্ছিল, আসন্ন টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া একজন বাঁ-হাতি স্পিডস্টারকে দলে রাখবে। কিন্তু, নির্বাচকরা তেমন কোনও ইঙ্গিত দিলেন না। না যশ দয়াল, আর না আর্শদীপ সিং; এই স্কোয়াডে কাউকে জায়গা দেওয়া হয়নি। সুযোগ দেওয়া হয়েছে আকাশ দীপকে। বুমরাহ এবং সিরাজের সঙ্গে তিনি টিম ইন্ডিয়ার পেস ডিপার্টমেন্ট লিড করবেন। এটা অবশ্যই একটা বড় বিষয়।
তবে মজার ব্যাপার হল টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চ। এই তালিকায় নাম রয়েছে হর্ষিত রানা, নীতীশ রেড্ডি, মায়াঙ্ক যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণার। রিজার্ভ বেঞ্চে সাধারণত সেই ক্রিকেটারদেরই রাখা হয়, যাঁদের আগামীদিনে টিম ইন্ডিয়ার হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। কিন্তু, সেই তালিকাতেও নাম নেই যশ দয়ালের। তাহলে যশের সামনে আপাতত টেস্ট স্কোয়াডের দরজা কি বন্ধই থাকবে? তা নিয়ে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে।
তবে এই স্কোয়াড ঘোষণার পর অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই পরিস্থিতিতে আরসিবি চাইলে যশ দয়ালকে আনক্যাপড প্লেয়ার হিসেবে চার কোটি টাকাতেই রিটেন করতে পারে। যদি টিম ইন্ডিয়ায় যশ দয়ালের সিলেকশন হয়ে যেত, যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে এই পেস বোলারকে দেখা যেত, তাহলে আরসিবি-কে আরও বেশি টাকা খরচ করতে হত।
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।