
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করলেন নীতিশ রেড্ডি
শেষ আপডেট: 28 December 2024 11:48
দ্য ওয়াল ব্যুরো : শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নীতিশ রেড্ডি যে ইনিংসটা খেললেন, সেটা ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে অবশ্যই লেখা থাকবে। ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড় যে ইনিংসটা খেলেছিলেন, ২০২১ সালে গাব্বায় ঋষভ পন্থ যে ইনিংসটা খেলেছিলেন, নীতিশের এই ইনিংসটা তার থেকে কোনও অংশে কম নয়। ১৭১ বলে তিনি শতরান করলেন। বিশাখাপত্তনমের ২১ বছর বয়সি এই তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে প্রথম শতরান করলেন। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলকে তিনি ফলো-অনের লজ্জা থেকে রক্ষা করলেন।
ছোটবেলা থেকে খুব একটা আর্থিক স্বাচ্ছন্দ্য পাননি নীতিশ। ছেলেকে ক্রিকেট খেলা শেখানোর জন্য নীতিশের বাবা চাকরি ছেড়ে দিয়েছিলেন। তারপর থেকে দুজনেই শুরু করেন দাঁতে দাঁত চেপে লড়াই। লক্ষ্য ভারতের হয়ে ক্রিকেট খেলা। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যখন ছেলের শতরান মাঠে বসে উপভোগ করছিলেন নীতিশের বাবা, তখন তাঁর চোখে সেই লড়াইটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল।
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ঋষভ পন্থ আউট হওয়ার পর তিনি ব্যাট করতে নামে। যখন তিনি ব্যাট করতে নামছিলেন, সেইসময় ভারতীয় ক্রিকেট দল ১৯১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। ফলে কাজটা যে একেবারে সহজ ছিল না, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। বিশেষ করে যে উইকেটে ভারতীয় ক্রিকেট দলের রথী-মহারথীরা ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিলেন, সেখানে এই তরুণ ব্যাটার যে এভাবে লড়াই করবেন, সেটা কেউ কল্পনা করতে পারেননি। তবে এভাবেই তো জন্ম হয়। হ্যাঁ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় ক্রিকেট দলের এক নয়া তারকার জন্ম হল। নাম নীতিশ রেড্ডি।