একটার পর একটা ব্র্যান্ড সরে গেলে বাংলাদেশের ক্রিকেটারদের আয় এবং দেশের স্পোর্টস ইন্ডাস্ট্রি—দু’টোরই ঘাড়েই বড়সড় ক্ষতি্র বোঝা নামতে চলেছে।

ছবি: গুগল
শেষ আপডেট: 9 January 2026 14:56
দ্য ওয়াল ব্যুরো: মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ঘিরে আইপিএল বিতর্কের রেশ কাটতে না কাটতেই বড়সড় আর্থিক ধাক্কার মুখে বাংলাদেশি ক্রিকেটাররা। ভারতের ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক সংস্থা এসজি (SG Cricket) নাকি বাংলাদেশের একাধিক শীর্ষ ক্রিকেটারের সঙ্গে স্পনসরশিপ চুক্তি আর নবীকরণ করতে চাইছে না। ফলে ব্যাট–ব্র্যান্ড বদলাতে বাধ্য হতে পারেন অধিনায়ক থেকে শুরু করে অভিজ্ঞ তারকাদের বড় অংশ।
সঙ্কট ছড়াল স্পনসরশিপে
ঘটনার সূত্রপাত কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছেঁটে ফেলাকে কেন্দ্র করে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের (BCCI) নির্দেশের পর কেকেআর তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) প্রথমে আইপিএলে খেলার জন্য মুস্তাফিজকে এনওসি দিতে অস্বীকার করে। শুধু তাই নয়, আসন্ন টি–২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার আবেদনও জানায় আইসিসির কাছে, নিরাপত্তার যুক্তি দেখিয়ে।
এই টানাপড়েনের মধ্যে ভারতীয় সংস্থা এসজি-র সিদ্ধান্ত, তারা আর বাংলাদেশের ক্রিকেটারদের স্পনসর করবে না—এমনটাই দাবি বিভিন্ন রিপোর্টে।
কারা কারা পড়ছেন সমস্যায়?
বর্তমানে এসজি-র (SG Cricket) সঙ্গে চুক্তিতে থাকা বাংলাদেশ দলের একাধিক পরিচিত মুখ—
অধিনায়ক লিটন দাস (Litton Das)
ইয়াসির রাব্বি (Yasir Rabbi)
মোমিনুল হক (Mominul Haque)
যদিও ক্রিকেটারদের সরাসরি কিছু জানানো হয়নি, কিন্তু তাঁদের এজেন্টদের কাছ থেকে ইঙ্গিত মিলেছে, যে চুক্তি নবীকরণ হচ্ছে না। এক বাংলাদেশি ক্রিকেটারকে উদ্ধৃত করে টেলিকমএশিয়া-র (telecomasia.net) দাবি, ‘আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।’
ডোমিনো এফেক্টের আশঙ্কা
বাংলাদেশ ক্রিকেট মহলের সবচেয়ে বড় ভয়—এটা শুধু এসজি–তেই থেমে থাকবে না। ক্রিকেট–মার্কেটে ভারতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বড় ভূমিকা রয়েছে। এক স্পনসরশিপ–সংশ্লিষ্ট সূত্রের কথায়, ‘অন্যান্য সংস্থাও হয়তো একই পথে হাঁটবে।’ অর্থাৎ, একটার পর একটা ব্র্যান্ড সরে গেলে বাংলাদেশের ক্রিকেটারদের আয় এবং দেশের স্পোর্টস ইন্ডাস্ট্রি—দু’টোরই ঘাড়েই বড়সড় ক্ষতি্র বোঝা নামতে চলেছে।
বিশ্বকাপের আগে বাড়ছে অনিশ্চয়তা
এতকিছুর মধ্যে টি–২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) বাংলাদেশের ম্যাচগুলি আদৌ ভারতেই হবে কি না, সেই বিষয়ে আইসিসি (ICC) এখনও সিদ্ধান্ত নেয়নি। সূচি অনুযায়ী, বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ (West Indies), ইতালি (Italy) ও ইংল্যান্ডের (England বিরুদ্ধে ম্যাচ। পরে মুম্বইয়ে মুখোমুখি নেপাল (Nepal)। কিন্তু আপাতত সবকিছুই প্রশ্নচিহ্নের মধ্যে।