.webp)
চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 25 September 2024 17:17
দ্য ওয়াল ব্যুরো: সবাই তাঁকে 'ক্যাপ্টেন কুল' বলতেই পছন্দ করেন। খেলা চলাকালীন সচরাচর মহেন্দ্র সিং ধোনিকে নির্লিপ্ত ভঙ্গিতেই দেখতে পাওয়া যায়। মাহি কি তাহলে একেবারে মাথা গরম করেন না? অবশ্যই করেন। আর রেগে গেলে তিনি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটা যাঁরা মাঠে থাকেন, তাঁরা হাড়ে হাড়ে টের পান।
সম্প্রতি এমনই একটি গল্প শেয়ার করেছেন চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন পেস বোলার মোহিত শর্মা। সিএসকে ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট দুটো মরশুম খেলেছেন মোহিত। প্রথমবার ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত। তারপর ২০১৯-য়ে। চেন্নাইয়ের হয়ে মোহিত শর্মা ৫৭ উইকেট শিকার করেছেন। চেন্নাই সুপার কিংস দলের সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় ষষ্ঠস্থানে ছিলেন তিনি। কিন্তু, মোহিতকেও একবার ধোনির রোষানলে পড়তে হয়েছিল।
কয়েকদিন আগে 'টু স্লগার্স' পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন মোহিত শর্মা। তিনি বলতেন, 'মাঠের মধ্যে আমরা ধোনির থেকে প্রচুর বকুনি খেয়েছি। কিন্তু, মাঠের বাইরে ও একেবারে আলাদা মানুষ ছিল। পরে ও হয়ত বোঝাত, কিন্তু কখনই বকাবকি করত না।'
মোহিত বললেন, 'আমি নিজেই ধোনির থেকে প্রচুর বকুনি খেয়েছি। একজন ফাস্ট বোলার হওয়ার জন্য মাঝেমধ্যেই ফোকাস নড়ে যেত। আশপাশে কী হচ্ছে, সেদিকে নজর যেত। যদি ধোনি তোমাকে ডাকছে, অথচ তুমি অন্যদিকে তাকিয়ে রয়েছ, তাহলে আর রক্ষে থাকত না। কিন্তু, সমর্থকদের কোনও আচরণে প্রতিক্রিয়া জানালেও ধোনি অগ্নিশর্মা হয়ে উঠতেন। ওঁর থেকে এমন প্রচুর বকুনি আমি খেয়েছি।'
চেন্নাই সুপার কিংস মোহিত শর্মাকে ছেড়ে দেওয়ার পর, সেই জায়গাটা দখল করেন দীপক চাহার। দীপকও ধোনির থেকে কম বকুনি খাননি। কিন্তু, পাশাপাশি ধোনি যে তাঁকে সবথেকে বেশি ভালবাসতেন, সেটাও অস্বীকার করা যায় না।
মোহিতের কথায়, 'দীপক চাহারও ধোনির থেকে প্রচুর বকুনি খেয়েছে। সেটা নিয়ে তো একটা আলাদা গল্প রয়েছে। চেন্নাইয়ে ম্যাচ চলছিল। সকলেই দরদর করে ঘামছিলেন। এমন সময় দীপক একটা নাকল বল করেছিল। সেটা ফুলটস কিংবা ওইরকম কিছু একটা হয়েছিল। সেই বলে চার কিংবা ছয় কিছু একটা হয়েছিল। তো, ধোনি ভাই দীপককে ওই ডেলিভারিটা করতে নিষেধ করেন। দীপকও শান্ত ছেলের মতো কথাটা শুনে নেয়। কিন্তু, ২-৩ বল পর আবারও ওই একই ডেলিভারি করে দীপক। সেটা ব্যাটারের মাথার উপর দিয়ে বেরিয়ে যায়।'
শর্মা'জি আরও বললেন, 'এরপর দীপকের দিকে এগিয়ে আসেন ধোনি। কাঁধে হাত রাখেন দীপকের। কিছু কথাও হয়। কী বলেছিল সেটা আমরা বুঝতে পারিনি। ম্য়াচের শেষে জিজ্ঞাসা করেছিলাম যে কী বলল? জবাবে দীপক কটাক্ষের সুরে জানাল যে খুব মিষ্টি মিষ্টি কয়েকটা কথা বলল। ধোনি দীপককে বলেছিল, ভাই তুই বোকা নস। আসল বোকা তো আমি।'
পাশাপাশি মোহিত যোগ করেন, 'এই গল্পটা আমার চিরকাল মনে থাকবে। এবার দীপক কীভাবে বল করবে, সেটা ওর উপরেই ছেড়ে দিয়েছিলেন মাহি ভাই। তবে ধোনি যে চাহারকে সবথেকে বেশি ভালোবাসেন, সেটাও অস্বীকার করা যায় না।'