
চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 6 September 2024 15:47
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ইতিহাসের অন্যতম সফল টিম হল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইতিমধ্যে চেন্নাই পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে। যদিও গত মরশুমে ধোনি চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব ছেড়ে দেন এবং ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়েছে।
তবে ধোনি এখনও পর্যন্ত অধিনায়কের মতোই দলের বাকি ক্রিকেটারদের গাইড করছেন। কিন্তু, প্রশ্ন উঠতে শুরু করেছে যে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে আদৌ মহেন্দ্র সিং ধোনিকে খেলতে দেখা যাবে? এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ধোনির না খেলার পিছনে তিনটে বড় কারণ উঠে আসছে।
গত দুই আইপিএল মরশুমে মহেন্দ্র সিং ধোনি চোট নিয়েই খেলতে নেমেছিলেন। হাঁটুর চোট ধোনিকে বারংবার সমস্যায় ফেলেছে। এছাড়া ২০২৪ সালে ম্যাচ চলাকালীন পেশির টানেও ভুগতে হয়েছে মাহিকে। এই চোট নিয়েও যদি ২০২৫ আইপিএল খেলতে নামেন ধোনি, তাহলে তাঁকে আরও বড় সমস্যায় পড়তে হবে। এই পরিস্থিতিতে আসন্ন আইপিএল টুর্নামেন্ট থেকে ধোনি নিজেকে সরিয়ে নিতে পারেন।
আইপিএল টুর্নামেন্টের একেবারে ঊষালগ্ন থেকেই চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। ফলে এই দলটার সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক রয়েছে। এমনকী, সমর্থকরাও ধোনির খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন। চেন্নাই সুপার কিংসের সাফল্যের পিছনে ধোনির রণনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এই কথা মাথায় রেখেই ধোনি আগামী মরশুমে চেন্নাই সুপার কিংস দলের কোচ কিংবা মেন্টর হতে পারেন। আর যদি সেটাই হয়, তাহলে ধোনিকে ক্রিকেটার ভূমিকা ছাড়তে হবে। পাশাপাশি ধোনি অবসর গ্রহণ করলে নতুন প্রজন্মের ক্রিকেটাররাও সুযোগ পাবেন। নতুন ক্রিকেটারদের প্রস্তুত করা যে কতটা গুরুত্বপূর্ণ, তা ধোনি খুব ভালো করেই জানেন।
২০২৫ আইপিএল টুর্নামেন্টের আগেই ধোনি যদি এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ থেকে অবসর গ্রহণ করেন, তাহলে চেন্নাই সুপার কিংসের পরবর্তী পরিকল্পনা অনেকাংশে বদলে যেতে পারে। পাশাপাশি আর্থিক দিক থেকে এবং পরিকল্পনামাফিক এই দল অনেকটা অ্যাডভান্টেজে চলে আসতে পারবে। এর পাশাপাশি চেন্নাই সুপার কিংসে এক নয়া যুগের সূচনা হতে পারে। সেক্ষেত্রে অনেক বেশি করে তরুণ মুখ দেখা যাবে এবং এক নতুন দল তৈরি হবে।