
চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 11 September 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিং ধোনির অবদান অনস্বীকার্য। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া দুটো বিশ্বকাপ খেতাব জয় করেছে। প্রথমে ২০০৭ সালে, পরেরবার ২০১১ সালে। তবে ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ধোনি। যদিও আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনি দাপুটে পারফরম্যান্স করে যাচ্ছেন। কিন্তু, আশঙ্কা করা হচ্ছে যে ২০২৫ আইপিএল মরশুমে ধোনি নাও খেলতে পারেন। এই পরিস্থিতিতে সমর্থকরা কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছে।
ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনি বিমানে চেপে কোথাও একটা যাচ্ছেন। তাঁর সামনে যে সহযাত্রী ছিলেন, তিনি তাঁর বন্ধুকে ভিডিও কল করেন। এই ব্যক্তির বন্ধু তো ধোনিকে দেখেই আত্মহারা হয়ে যান। প্রথমে তো কী বলবেন, আর কী বলবেন না সেটাই ঠাহর করে উঠতে পারছিলেন না। শেষপর্যন্ত তিনি অনুরোধ করেন, ধোনি যেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে আরও একটা মরশুম খেলেন। অনুরোধ শুনে মৃদু হাসেন 'ক্যাপ্টেন কুল'।
গত ৬ জুলাই ভাইজ্যাগ ডট এমএসডি ডিভোটিস ২ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওয় ৬৭.৬ লাইক চলে এসেছে। পাশাপাশি সাড়ে ১২ হাজার শেয়ারও হয়ে গিয়েছে। আপনি যদি এখনও ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি এখনই দেখে নিন।
প্রসঙ্গত, আইপিএল টুর্নামেন্টে ধোনির ব্যাটিং দেখার জন্য আজও যে ভারতীয় ক্রিকেট সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। ইডেন গার্ডেন্স হোক কিংবা চিপক, ধোনি যখন ব্যাট করতে নামেন গোটা দেশজুড়ে গর্জন শুরু হয়। কিন্তু, হাঁটুর ব্যথার কারণে আসন্ন আইপিএল টুর্নামেন্টে তিনি আদৌ খেলবেন কি না, তা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে। চলতি বছরই তিনি আইপিএল টুর্নামেন্টে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। এবার যদি অবসর গ্রহণ করেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।