
বেইল অদল-বদল করছেন মহম্মদ সিরাজ
শেষ আপডেট: 15 December 2024 07:33
দ্য ওয়াল ব্যুরো : ইতিমধ্যে জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচটি ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে গিয়েছে। ৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে ৭৭ রান করেছে।
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে কোনও নাটক থাকবে না, তা আবার হয় নাকি? ব্রিসবেন টেস্টেও তেমনই দৃশ্য দেখতে পাওয়া গেল। আর নাটকের নায়ক ভারতীয় পেসার মহম্মদ সিরাজ।
দিনের শুরুতেই ফিরে যান অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দুই ওপেনার উসমান খোওয়াজা এবং নাথান ম্যাকসুইনি। কিন্তু, মারনাস লাবুশেন এবং স্টিভ স্মিথের মধ্যে তৃতীয় উইকেটে যে পার্টনারশিপ গড়ে উঠছিল, তা ক্রমশ টেনশন বাড়াচ্ছিল টিম ইন্ডিয়ার।
৩৩ ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। সামনে ছিলেন মারনাস লাবুশেন। প্রথম বলেই তিনি লেগ বিফোর উইকেটের আবেদন করেছিলেন। রিভিউ নেওয়ার পক্ষেও ছিলেন তিনি। কিন্তু, শেষপর্যন্ত রোহিত এবং ঋষভ DRS না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
তবে দ্বিতীয় বল করার পরই লাবুশেনের দিকে কথা বলতে বলতে এগিয়ে আসেন সিরাজ। তারপর উইকেটের উপর থেকে বেইল দুটো অদল-বদল করে দেন। তাড়াহুড়োয় একটা বেইল মাটিতে পড়েও গিয়েছিল। কিন্তু, লাবুশেন সেটা ঠিক করে দেন। গোটা ঘটনায় একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল।
THE BAILS EXCHANGE....!!!! ????
— Johns. (@CricCrazyJohns) December 15, 2024
- Siraj & Labuschagne changing the bails, A fun moment at Gabba. pic.twitter.com/B7fs9NCV46
তবে সিরাজের এই টোটকা কাজও দেয়। পরের ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান লাবুশেন। নীতিশ কুমার রেড্ডির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে তাঁকে ফিরতে হয়। ৫৫ বলে মাত্র ১২ রানই করেন তিনি। এই পরিস্থিতিতে অনেকেই বলতে শুরু করেছেন যে সিরাজের ওই ছোট্ট কাজের কারণেই আউট হয়েছেন লাবুশেন। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরালও হয়ে গিয়েছে।