
টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি
শেষ আপডেট: 21 October 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেট দলের সামনে অস্ট্রেলিয়া সফরের দামামা বেজে যাবে। এই সফরে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে মহম্মদ সামিকে দেখতে চাইছেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে সামিকে আর টিম ইন্ডিয়ায় দেখতে পাওয়া যায়নি। তাঁর হাঁটুতে চোট লেগেছিল। আর এই চোটের কারণেই তিনি টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি। খেলতে পারেননি ইংল্যান্ড, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও। ইতিমধ্যে নিজের ফিটনেসের ব্যাপারে বড়সড় আপডেট দিলেন মহম্মদ সামি।
ভারতীয় ক্রিকেট দলে কবে কামব্যাক করবেন মহম্মদ সামি? এই ব্যাপারে তিনি নিজের মুখেই বড়সড় আপডেট দিলেন। একটি সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, তাঁর হাঁটুর চোট একেবারে ঠিক হয়ে গিয়েছে। এমনকী, তিনি নিজের হারানো ফর্মও ফিরে পেয়েছেন। আশা করা যেতেই পারে, যত তাড়াতাড়ি সম্ভব আবারও ক্রিকেট ময়দানে সামিকে দেখতে পাওয়া যাবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ৮ উইকেটে হেরে গিয়েছে। এই ম্য়াচ শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেট দলের সহকারি কোচ অভিষেক নায়ার এবং বোলিং কোচ মর্নি মর্কেলের তত্ত্বাবধানে মহম্মদ সামিকে অনুশীলন করতে দেখা যায়। প্রথমে আশা করা হয়েছিল, রনজি ট্রফির হাত ধরেই ফের ক্রিকেট ময়দানে কামব্যাক করতে পারেন সামি। কিন্তু, বাংলা ক্রিকেট দল তাঁকে স্কোয়াডে রাখেনি। ইতিপূর্বে দলীপ ট্রফি এবং ইরানি ট্রফিতেও মহম্মদ সামিকে সুযোগ দেওয়া হয়নি।
MOHAMMED SHAMI IS BACK...!!!! ????
— Tanuj Singh (@ImTanujSingh) October 20, 2024
- Mohammed Shami in the bowling practice at Chinnaswamy & He's Ready to comeback. pic.twitter.com/adl6P1dslw
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা মহম্মদ সামিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। রোহিত বলেছিলেন, 'অস্ট্রেলিয়া সফরে মহম্মদ সামির নির্বাচন যথেষ্ট কঠিন হতে পারে। এখনও ওর হাঁটুতে ব্যথা রয়েছে। সেকারণে সুস্থ হতেও সময় লাগছে। আপাতত চিকিৎসক এবং ফিজিওদের সঙ্গে ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে। আমরা অসুস্থ সামিকে নিয়ে অস্ট্রেলিয়া যেতে চাই না। আশা করছি, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।'