
ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি
শেষ আপডেট: 2 October 2024 14:19
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মহম্মদ শামি। কিন্তু, বিশ্বকাপের পর থেকেই টিম ইন্ডিয়ার স্কোয়াডে আর এই অভিজ্ঞ পেস বোলারের দেখা পাওয়া যায়নি। হাঁটুর চোট সারাতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি রিহ্যাব করছিলেন।
ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করেছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে (বর্ডার-গাভাসকার ট্রফি) শামিকে হয়ত ভারতীয় ক্রিকেট দলে পুরোদমে পাওয়া যাবে। কিন্তু, শামির চোট নিয়ে নতুন করে আবারও আপডেট এসেছে। তারপর থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ফের কপাল চাপড়াতে শুরু করেছেন।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করার সময় ফের চোট পেয়েছেন মহম্মদ শামি। তাঁর হাঁটুতে আবারও যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলে মহম্মদ শামির কামব্যাকে আরও কিছুটা সময় লাগতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত শামিকে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ বর্ডার-গাভাসকার ট্রফিতে যে শামি খেলতে পারবেন, তেমন আশা না করাই ভাল।
মহম্মদ শামির এই নতুন চোট সম্পর্কে বিসিসিআই-এর এক আধিকারিক টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, এই ভারতীয় পেসারের হাঁটুতে আবারও চোট লেগেছে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলে মহম্মদ শামির কামব্যাক হতে কিছুটা সময় লাগতে পারে। যদিও শামি ইতিমধ্যে বোলিং শুরু করে দিয়েছেন। যতটা তাড়াতাড়ি সম্ভব ভারতীয় ক্রিকেট দলে তিনি আবারও ফিরতে চান।
মহম্মদ শামি টিম ইন্ডিয়ার হয়ে ৬৪ টেস্ট, ১০১ ওয়ানডে এবং ২৩ টি-২০ ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে তিনি ৬৪ টেস্ট ম্যাচে মোট ২২৯ উইকেট শিকার করেছেন। এছাড়া ওয়ানডে ক্রিকেটে তিনি ১৯৫ এবং টি-২০ ক্রিকেটে ২৩ উইকেট শিকার করেছেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মহম্মদ শামি দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্স করেন। এই টুর্নামেন্টে তিনি সর্বাধিক উইকেট শিকার করেছিলেন। ওয়ানডে বিশ্বকাপে মহম্মদ শামি ২৪ উইকেট শিকার করেছিলেন।