
ব্যাট হাতে লড়াই করছেন মিচেল স্টার্ক
শেষ আপডেট: 23 November 2024 10:23
দ্য ওয়াল ব্যুরো: আশা করা হয়েছিল, দিনের প্রথম ঘণ্টাতেই অস্ট্রেলিয়াকে হয়ত অলআউট করে দেবেন ভারতীয় বোলাররা। কিন্তু, শেষ উইকেটে মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড যেভাবে লড়াই করলেন, তা অস্ট্রেলিয়ার ইনিংসকে অনেকটাই অক্সিজেন দিয়েছে। যদিও শেষপর্যন্ত ক্যাঙারুবাহিনী ১০৪ রানে অলআউট হয়ে গিয়েছে। আর ভারতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নিতে পেরেছে।
দ্বিতীয় দিনের শুরুটা বেশ ভালই করেছিল টিম ইন্ডিয়া। শুরুতেই জসপ্রীত বুমরাহের বলে ফিরে যান অ্যালেক্স ক্যারি। নাথান লিয়নকে শিকার করলেন হর্ষিত রানা। ৭৯ রানে অস্ট্রেলিয়ার নবম উইকেট পড়ে গিয়েছিল। এরপর জস হ্যাজেলউডকে নিয়ে লড়াই শুরু করেন স্টার্ক। ১১২ বল খেলে করলেন ২৬ রান। সবথেকে বড় কথা, স্টার্কই একমাত্র অজি ব্যাটার যিনি ১০০-র বেশি বল টিকে থাকতে পারলেন।
শেষ উইকেটে অস্ট্রেলিয়া সর্বাধিক ২৫ রানের পার্টনারশিপ গড়ে তোলে। এরমধ্য়ে স্টার্ক করেছেন ১৫ রান এবং হ্যাজেলউড ৭ রান। ভারতীয় বোলারদের মধ্যে ৫ উইকেট শিকার করলেন জসপ্রীত বুমরাহ। তিনটে উইকেট নিয়েছেন হর্ষিত রানা। জোড়া উইকেট শিকার করেন মহম্মদ সিরাজ।
তবে দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া কেমন ব্যাটিং করে, সেদিকে অবশ্যই সকলের নজর থাকবে। পারথের এই উইকেটে চতুর্থ ইনিংসে একবারই ২০০-র বেশি স্কোর হয়েছে। সেকারণে টিম ইন্ডিয়া যদি ১৫০-১৬০ রান করে ফেলতে পারে, তাহলে ভারতীয় শিবিরে স্বস্তির হাওয়া বইতে শুরু করবে। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, স্টার্কের এই লড়াই যে অনেকদিন মনে থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে।