
ফাইল ছবি
শেষ আপডেট: 2 May 2025 00:02
দ্য ওয়াল ব্যুরো: খেলোয়াড়দের জীবনে এটাই নিয়ম। উত্থান আর পতন একসঙ্গেই চলে। এটা খুব ভালোভাবে বুঝে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryabangshi)। দীপক চাহারের স্লোয়ার বুঝতেই পারল না। মিডঅনের ওপর দিয়ে বল ওড়াতে গিয়ে ক্যাচ তুলে দিল উইল জ্যাকসের হাতে। দুই বলে শূন্য রান করে ফিরতে হল গত ম্যাচের নায়ককে।
২০২৫ আইপিএল (2025 IPL) শুরুর দিকে প্রথম কয়েকটি ম্যাচ পর সবার নিচে ছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এদিন রাজস্থানকে (Rajasthan Royals) হারিয়ে তারা উঠে এল পয়েন্ট টেবিলের শীর্ষে। এই নিয়ে টানা ছটি ম্যাচ জিতল মুম্বাই ইন্ডিয়ান্স।
বৃহস্পতিবার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আরআর অধিনায়ক রিয়ান পরাগ। কিন্তু সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে দাঁড়ায়। প্রথমে ব্যাট করে মুম্বই ২ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে। ওপেনিং জুটিতেই ওঠে ১১৬ রান। রোহিত শর্মা করেন ৫৩ এবং রায়ান রিকেলটন ৬১ রান। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ইমারত গড়েন সূর্যকুমার যাদব (অপরাজিত ৪৮) এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া (অপরাজিত ৪৮)।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের কোন ব্যাটারই সুবিধা করতে পারেননি। মরু শহরের ফ্র্যাঞ্চাইজির ইনিংস শেষ হয়ে যায় ১১৭ রানে। দলের হয়ে সর্বোচ্চ রান জোফরা আরচারের (৩০)। মুম্বাইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট তিনটি ও জসপ্রীত বুমরাহ দুটি উইকেট নেন।
১০০ রানে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসে মুম্বই। ১১ ম্যাচের মধ্যে আটটিতে হেরে এ বারের আইপিএল থেকে বিদায় নিল রাজস্থান।