Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPL 2025: ‘কিছুই কাজে আসছে না, দু’বছর আগেই ধোনিকে অবসর নিতে হত’, চাঁচাছোলা আক্রমণ মনোজের

স্ট্যাম্পের পেছনে উইকেটকিপারের দস্তানা হাতে তিনি এখনও ক্ষিপ্র। সেকেন্ডেরও ভগ্নাংশে স্ট্যাম্পিং, প্রত্যুৎপন্নের পরিচয় দিয়ে রান আউট—সবেতেই খবরের শিরোনামে মহেন্দ্র সিং ধোনি৷

IPL 2025: ‘কিছুই কাজে আসছে না, দু’বছর আগেই ধোনিকে অবসর নিতে হত’, চাঁচাছোলা আক্রমণ মনোজের

মনোজ তিওয়ারি ও মহেন্দ্র সিং ধোনি

শেষ আপডেট: 6 April 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: স্ট্যাম্পের পেছনে উইকেটকিপারের দস্তানা হাতে তিনি এখনও ক্ষিপ্র। সেকেন্ডেরও ভগ্নাংশে স্ট্যাম্পিং, প্রত্যুৎপন্নের পরিচয় দিয়ে রান আউট—সবেতেই খবরের শিরোনামে মহেন্দ্র সিং ধোনি৷

কিন্তু এটাই পুরো ছবি নয়। অর্ধেক মাত্র। বাকি ছবিটা অনুজ্জ্বল, ম্যাড়মেড়ে। যেখানে ব্যাট হাতে ক্রমশ তলানিতে ঠেকেছে ধোনির ফর্ম। বিশ্লেষকদের মতে, আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন ভারতের প্রাক্তন অধিনায়ক৷ যে কারণে অশ্বিনেরও পরে, ৯ নম্বরে মাঠে নামছেন মাহি। একদা বিশ্বক্রিকেটের অন্যতম নন্দিত ফিনিশার আজ সমালোচনায় জর্জরিত, তাঁর অবসর-জল্পনা চলতি আইপিএলের অন্যতম চর্চার বস্তু হয়ে উঠেছে।

আর এই আলোচনাতেই এবার নতুন করে ইন্ধন জোগালেন জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনির এক সময়ের সতীর্থ মনোজ তিওয়ারি। রঞ্জিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন মনোজ৷ এখন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবারের আইপিএল টুর্নামেন্টে ধোনির অধ:পতনে ঠেকা ব্যাটিং নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তিনি। কাঠগড়ায় তুলেছেন কোচ স্টিফেন ফ্লেমিংকেও। কিন্তু সরাসরি নিশানায় একমাত্র ধোনিই। মনোজের মতে, আজ নয়। দু'বছর আগে, ২০২৩ সালই ছিল এমএসডির আইপিএল থেকে সরে দাঁড়ানোর প্রশস্ত সময়। উল্লেখ্য, ওই মরশুমেই সিএসকে-কে খেতাব জিতিয়েছিলেন মাহি। ছিলেন দলের অধিনায়কও।

মনোজ বলেন, ‘আমার কথা কঠোর শোনালে মাফ করবেন। কিন্তু আমি মনে করি, তেইশের আইপিএলের পরেই ধোনির অবসর নেওয়া উচিত ছিল। ওটাই সরে দাঁড়ানোর সেরা সময় ছিল৷ এতদিন ধরে যে সম্মান তিনি অর্জন করেছেন, গত দু'বছর ধরে তার সামান্যটুকুও অনুরাগীরা আর দেখতে পাননি৷ ধোনি ক্রমশ হারিয়ে গিয়েছেন। এখন দেখুন চেন্নাইয়ের সমর্থকেরা কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন। রাস্তায় বেরিয়ে আসছেন। প্রকাশ্য ইন্টারভিউয়ে কী বলছেন।’

গত কয়েক দিন যাবৎ ধোনির পাশে দাঁড়িয়েছেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং। জানিয়েছেন: শুধু ব্যাটিং নয়, উইকেটকিপিং এবং অভিজ্ঞতার কারণেও দলে রয়েছেন ধোনি। পাশাপাশি ব্যাট হাতে এতটা পরে নামা বিষয়টিকেও বাউন্ডারির বাইরে পাঠিয়ে মাহিকে সমর্থক জুগিয়ে গতকালও ফ্লেমিং বলেছেন, হাঁটুর চোটের কারণে আর আগের মতো ৮-১০ ওভার ব্যাটিং করতে পারবেন না ধোনি।

যদিও এই তত্ত্বের এতটুকু বিশ্বাস করতে নারাজ মনোজ তিওয়ারি। বাংলার প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘আমি কিছুই বুঝতে পারছি না। যদি তুমি ২০ ওভারেরও বেশি সময় ধরে মাঠে থাকতে পারো—যেখানে তোমায় বারবার বসতে হচ্ছে দাঁড়াতে হচ্ছে, তুমি রান আউট করছ, ঝাঁপিয়ে ক্যাচ ধরছ—তখন তোমার হাঁটু ব্যথা করছে না। কিন্তু যখন দলের জয়ের জন্য ১০ ওভার ব্যাট করতে বলা হচ্ছে, তখন ব্যথার কথা সামনে চলে আসছে।’

এরপরই সিএসকে টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়ে মনোজের সংযোজন, ‘সমস্ত পরিকল্পনা ধোনিকে কেন্দ্র করে গড়ে উঠছে, কিন্তু কোনও কিছুই দলের কাজে আসছে না। আমার মনে হয় কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এবার ধোনিকে বুঝিয়ে দেওয়া হোক কিছুই কাজ করছে না৷ তাঁকে সরে দাঁড়াতেই হবে।’


```