টেস্টে লর্ডসের মাঠে তাঁর ইতিহাস খুব একটা ভালো নয়। ৫ ম্যাচে করেছেন মাত্র ১৯৫ রান। গড় ২১.৬৬। সর্বোচ্চ ইনিংস ৩৭। সব ফর্ম্যাট মিলিয়ে ৮ ম্যাচে করেছেন ২৪০ রান। গড় মাত্র ২০।

শচীন তেন্ডুলকর
শেষ আপডেট: 10 July 2025 18:41
দ্য ওয়াল ব্যুরো: লর্ডসের মেরিলবোন ক্রিকেট ক্লাব মিউজিয়ামে (MCC Museum) ঠাঁই পেল শচীন তেন্ডুলকারের প্রতিকৃতি। তৃতীয় টেস্ট শুরুর আগে এই ছবির আনুষ্ঠানিক উন্মোচন হয়। যা দেখে আবেগ ধরে রাখতে পারলেন না ক্রিকেট কিংবদন্তি।
রেকর্ড আর পরিসংখ্যান বলছে, ক্রিকেটের মক্কায় কোনওদিনই সেভাবে দাপট দেখাতে পারেননি মাস্টার ব্লাস্টার। না নজরকাড়া ইনিংস, না তেমন কোনও স্মরণীয় শতরান। লর্ডস ব্যাটসম্যান শচীনকে বরাবর খালি হাতে ফিরিয়েছে।
১৯৮৮ সালে কিশোর বয়সে লর্ডনের অন্যতম আইকনিক স্টেডিয়ামে প্রথম পা রাখা। পরের বছর ফের খেলতে আসেন স্টার ক্রিকেট ক্লাব দলের হয়ে। এই স্মৃতি রোমন্থন করতে গিয়ে এক্স-হ্যান্ডেলে শচীন লিখেছেন, ‘১৯৮৮-তে লর্ডসে এসেছিলাম কিশোর হিসেবে, এক বুক স্বপ্ন নিয়ে। আজ জীবন যেন পূর্ণতা পেল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন!’
টেস্টে লর্ডসের মাঠে তাঁর ইতিহাস খুব একটা ভালো নয়। ৫ ম্যাচে করেছেন মাত্র ১৯৫ রান। গড় ২১.৬৬। সর্বোচ্চ ইনিংস ৩৭। সব ফর্ম্যাট মিলিয়ে ৮ ম্যাচে করেছেন ২৪০ রান। গড় মাত্র ২০।
যদিও আশ্চর্যজনকভাবে এই ইংল্যান্ডের মাটিতেই লাল বলের ক্রিকেটে ঈর্ষণীয় পারফরম্যান্স। ১৭ ম্যাচে ১,৫৭৫ রান। গড় ৫৪.৩১। সেঞ্চুরি ৪টি, অর্ধশতরান ৮টি। সর্বোচ্চ ১৯৩। টেস্ট-ওয়ান ডে মিলিয়ে ইংল্যান্ডে ৪৩ ম্যাচে করেছেন ২,৬২৬ রান।
প্রসঙ্গত, শচীনের এই প্রতিকৃতি এঁকেছেন খ্যাতনামা শিল্পী স্টুয়ার্ট পিয়ারসন রাইট। ১৮ বছর আগে মুম্বইয়ে সচিনের বাড়িতে তোলা একটি ছবির ভিত্তিতে আঁকা হয়েছে এই পোর্ট্রেট। তেলরঙে আঁকা। ব্যাকগ্রাউন্ড অ্যাবস্ট্রাক্ট। বছরের শেষে এই ছবি সরিয়ে নিয়ে যাওয়া হবে লর্ডসের ঐতিহাসিক প্যাভিলিয়নে।
হিসেবমতে, সচিন পঞ্চম ভারতীয় ক্রিকেটার, যাঁর প্রতিকৃতি মিউজিয়ামে জায়গা পেল। এর আগে কপিল দেব, বিষাণ সিং বেদি, দিলীপ বেঙ্গসরকারের মতো তারকার ছবি এখানে ঠাঁই পেয়েছে। এবারকার মতো আগের সমস্ত ছবিই এঁকেছেন পিয়ারসন রাইট।
যদিও শচীনের পোর্ট্রেট ভিন্ন মেজাজে তুলে ধরা হয়েছে। আগের চারটি ছিল পূর্ণদৈর্ঘ্যের। এই প্রতিকৃতি কাঁধ পর্যন্ত, ক্যানভাসে ফুটে ওঠা মুখাবয়বের অভিব্যক্তিতে শিল্পী আলাদা নজর দিয়েছেন।
যে জাদুঘরে জায়গা পেল এই সুদৃশ্য পোর্ট্রেট, সেই এমসিসি মিউজিয়ামের বয়স প্রায় ৭০ বছর। ১৯৫০-এর দশকে তৈরি হওয়া এই সংগ্রহশালা ইউরোপের প্রাচীনতম স্পোর্টস মিউজিয়াম। এখানে সংরক্ষিত রয়েছে প্রায় ৩,০০০ ছবি। তার মধ্যে প্রায় ৩০০টি পোর্ট্রেট।