
২০২৪ সালে আইপিএল খেতাব জয় করেছে কলকাতা নাইট রাইডার্স
শেষ আপডেট: 6 September 2024 12:19
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়াকে টি-২০ বিশ্বকাপ জিতিয়ে দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। সেই ফাঁকা সিংহাসনেই বসানো হয়েছে গম্ভীরকে।
সমস্যা হল, গৌতম গম্ভীর আবার কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর ছিলেন। দশ বছর পর ২০২৪ সালে ফের কেকেআর আইপিএল খেতাব জয় করেছেন। ফলে গম্ভীর চলে যাওয়ায়, তাঁর ফাঁকা সিংহাসনে কে বসবেন, তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে।
জানা গিয়েছে, গৌতম গম্ভীরের জায়গায় কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে নিয়োগ করা হতে পারে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারাকে। ইতিমধ্যে, কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। যদিও কেকেআর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থান রয়্যালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদ ছাড়তে পারেন কুমার সঙ্গকারা। ২০২১ সালে তিনি এই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন।
পাশাপাশি চলতি বছর ভারতীয় ক্রিকেট দলকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পর রাহুল দ্রাবিড় নাকি রাজস্থান রয়্যালস দলে ঘর ওয়াপসি করতে চলেছেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তাঁকে এই ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হিসেবে দেখতে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স দলের নয়া মেন্টর হিসেবে সঙ্গকারার যোগদানের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হতে শুরু করেছে।
কলকাতা নাইট রাইডার্স দলের হেড কোচ পদে রয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। এছাড়া ভরত অরুণকে দলের বোলিং কোচ করে রাখা হয়েছে। তবে কেকেআর ব্রিগেডের সহকারি কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে ইতিমধ্যে গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসেবে টিম ইন্ডিয়ায় যোগ দিয়েছেন।
শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স এই ব্যাপারে সঙ্গকারার সঙ্গে একপ্রস্থ কথাবার্তা বলে ফেলেছে। যদিও সঙ্গকারার কাছে আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির অফার রয়েছে। আশা করা যায়, আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।