.jpg)
আউট হয়ে ফিরে যাচ্ছেন কেএল রাহুল
শেষ আপডেট: 6 December 2024 11:20
দ্য ওয়াল ব্যুরো: অ্যাডিলেড টেস্টের শুরুটা খানিক ধীরগতিতেই করেছিলেন কেএল রাহুল। আশা করা হয়েছিল বড় রান তিনি করতে পারবেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ হল না। ৬৪ বলে ৩৭ রান করেই প্যাভিলিয়নের রাস্তা ধরলেন রাহুল। যদিও তিনি হাফডজন বাউন্ডারি হাঁকিয়েছেন।
১৮.৪ ওভারে ঘটে গেল সেই দুর্ঘটনা। খানিকটা বাউন্স পেয়েছিলেন স্টার্ক। রাহুল বলটা নিচের দিকে নামাতে গিয়েছিলেন কিন্তু, বলটা গালির দিয়ে চলে যায়। সেখানে দাঁড়িয়েছিলেন মারনাস লাবুশেন। তিনি ক্যাচ ধরতে কোনও ভুল করলেন না। যে কাজের জন্য মিচেল স্টার্ককে দ্বিতীয় স্পেলে ফিরিয়ে আনা হয়েছিল, সেটা তিনি করে ফেললেন। এবার রাহুলের জায়গায় ব্যাট করতে নেমেছেন বিরাট কোহলি।
ইতিপূর্বেও এই ইনিংসে ২ বার অক্সিজেন পেয়েছিলেন কেএল। অষ্টম ওভারে ২ বার আউট হতে হতে বাঁচলেন রাহুল। এই ওভারে বল করতে এসেছিলেন বোলান্ড। জস হ্যাজেলউডের বদলে তিনি এই ম্য়াচে খেলতে নেমেছেন। ওভারের প্রথম বলেই আউটের আবেদন করেন তিনি।
প্রথম মনে হয়েছিল, বলটা বোধহয় রাহুলের ব্যাটের কানা লেগে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় জমা পড়েছে। এমনকী, রাহুল নিজেও প্যাভিলিয়নের পথে পা বাড়িয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত দেখা যায় যে সেটা নো ডেলিভারি ছিল। এমনকি, স্নিকোমিটারে দেখা যায় যে বলটা রাহুলের ব্যাটেও লাগেনি। এই পরিস্থিতিতে তাঁর আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নাহলে রাহুল নিজেই বুঝতে পারলেন না যে বলটা তাঁর ব্যাটে লাগেনি?
ওভারের পঞ্চম বলে আরও একটি জীবনদান পেলেন তিনি। এবার বলটা তাঁর ব্যাটের কানা লেগে প্রথম স্লিপে গিয়েছিল। সেখানে দাঁড়িয়েছিলেন উসমান খোওয়াজা। কিন্তু, বলটা তাঁর সামান্য আগে মাটি স্পর্শ করে। শেষপর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেন রাহুল।
১৯ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ২ উইকেটে ৬৯ রান করেছেন। রাহুল ছাড়াও আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। সেই উইকেটও নিয়েছিলেন মিচেল স্টার্ক। এই ইনিংসে যশস্বীকে গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়। তিনি LBW আউট হয়েছিলেন। আপাতত বিরাট কোহলি রানের খাতা না খুললেও ৩০ রানে ব্যাট করছেন শুভমান গিল।