.jpg)
আউট হয়ে গেলেন কেএল রাহুল
শেষ আপডেট: 17 December 2024 08:09
দ্য ওয়াল ব্যুরো : গাব্বা টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র তিনিই আশা জাগাতে পেরেছিলেন। কিন্তু, সেই আশা পূরণ করতে পারলেন না কেএল রাহুল। অল্পের জন্য শতরান মিস করলেন ভারতীয় ক্রিকেট দলের এই ওপেনার। শেষপর্যন্ত ৮৪ রানে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল। ৪৩ ওভার শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া কীভাবে তাদের ফলো -অন বাঁচায়, সেটাই আপাতত দেখার।
৪৩ ওভারে বল করতে এসেছিলেন নাথান লিয়ন। ওভারের তৃতীয় ডেলিভারি পাঞ্চ করতে গিয়েছিলেন রাহুল। বলটা তাঁর ব্যাটের কানা লেগে স্লিপে চলে যায়। ইতিমধ্যে ডানদিকে ঝাঁপ দেন স্টিভ স্মিথ। কার্যত উড়ে গিয়ে তিনি এক হাতেই বলটা ধরলেন। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়ার স্বপ্নে আরও একটা ধাক্কা লাগল।
চতুর্থ দিন রাহুল যখন ব্যাট করতে নেমেছিলেন, সেইসময় তাঁর ঝুলিতে ছিল ৩৩ রান। দিনের প্রথম বলে প্যাট কামিন্সের সামনে পড়েন তিনি। কামিন্সের প্রথম ডেলিভারিতেই স্মিথের কাছে একটি ক্যাচ গিয়েছিল। কিন্তু, সেই সহজ ক্যাচ তিনি মিস করেছিলেন। এরপর থেকে রাহুল সেভাবে কোনও সুযোগ দেননি। হাফসেঞ্চুরি করে টিম ইন্ডিয়ার মান কিছুটা হলেও বাঁচান তিনি। কিন্তু, শেষ পর্যন্ত সেই স্মিথের হাতেই ক্যাচ দিয়ে ফিরতে হল রাহুলকে। এটাকে স্মিথের শাপমোচন ছাড়া আর কীই বা বলা যেতে পারে।
WHAT A CATCH FROM STEVE SMITH!
— cricket.com.au (@cricketcomau) December 17, 2024
Sweet redemption after dropping KL Rahul on the first ball of the day.#AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurance pic.twitter.com/d7hHxvAsMd
রাহুল ছাড়াও চতুর্থ দিন সকালে আউট হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিুত শর্মা। প্যাট কামিন্সের বলে মাত্র ১০ রান করে তিনি ফিরে যান। এই ব্যর্থতার পর রোহিতের ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। অনেকে তো তাঁকে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরামর্শও দিয়েছেন। তবে টিম ইন্ডিয়া যে আপাতত স্বস্তিতে নেই, তা নিঃসন্দেহে বলা যায়।