.jpg)
যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল
শেষ আপডেট: 21 December 2024 19:42
দ্য ওয়াল ব্যুরো : মেলবোর্ন টেস্টের আগে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার কেএল রাহুল অনুশীলন করতে নেমে চোট পেলেন। শনিবার (২১ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনের আয়োজন করা হয়েছিল। রাহুলের চোটের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রাহুলের চোট কতটা গুরুতর সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এই সিরিজে এখনও পর্যন্ত তিনি যথেষ্ট ভাল ব্যাটিং করেছেন। ৬ ইনিংসে রাহুলের ব্যাট থেকে মোট ২৩৫ রান বেরিয়ে এসেছে। যদি একান্তই রাহুল আগামী টেস্ট ম্যাচে খেলতে না পারেন, তাহলে রোহিত শর্মাকে হয়ত ওপেন করতে দেখা যাবে।
চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে এখনও পর্যন্ত তিনটে টেস্ট ম্যাচ খেলা হয়েছে। সিরিজ এখনও ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। এই সিরিজে রাহুল ৪৭-এর ব্যাটিং গড়ে রান করেছেন। রয়েছে জোড়া হাফসেঞ্চুরিও।
KL Rahul suffered a hand injury at the MCG nets today during practice session. #INDvAUS pic.twitter.com/XH8sPiG8Gi
— ????????????????????????????⁴⁵ (@rushiii_12) December 21, 2024
ভাইরাল হওয়া ওই ভিডিওয় দেখা যাচ্ছে, রাহুলের ডান হাতে চিকিৎসা চলছে। যদিও তাঁকে খুব একটা অস্বস্তিতে দেখতে পাওয়া যাচ্ছে না। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও কোনও আপডেট দেওয়া হয়নি।
প্রসঙ্গত, পারথ টেস্টে পারিবারিক কারণে খেলতে পারেননি রোহিত শর্মা। সেকারণে রাহুলকে ওপেনিং পজিশনে পাঠানো হয়েছিল। এই সুযোগের সদ্ব্যবহার করেছিলেন রাহুল। আসন্ন মেলবোর্ন টেস্টে রাহুলের সামনে একটি নয়া রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ রয়েছে। গত দুই বক্সিং ডে টেস্ট ম্যাচে (২০২১ এবং ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে) শতরান করেছিলেন তিনি। এবার সেঞ্চুরির হ্যাটট্রিক করতে পারেন কি না, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।