
চোট পেলেন কেএল রাহুল
শেষ আপডেট: 15 November 2024 12:13
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারেই বেশি সময় নেই। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফি। এই সিরিজ শুরুর আগেই টিম ইন্ডিয়া একটা বড়সড় বিপদের মুখে পড়ল। অনুশীলন করতে নেমে বড়সড় চোট পেলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার কেএল রাহুল এবং মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান।
টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান বৃহস্পতিবার অর্থাৎ ১৪ নভেম্বর অনুশীলন করার সময় কনুইয়ে চোট পান। ফক্স ক্রিকেট ইতিমধ্যে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, নেট ছেড়ে বেরিয়ে আসার সময় সরফরাজ ডান হাতটা ধরে রয়েছেন। যদিও এই চোট খুব একটা গুরুতর নয়। MRI করানোর দরকার পড়েনি।
তবে পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচের আগে টিম ইন্ডিয়ার টেনশন বাড়ালেন কেএল রাহুল। তিনিও অনুশীলন করার সময় চোট পেয়েছেন। যন্ত্রণা এতটাই বেশি হচ্ছিল যে তিনি বাধ্য হয়েই মাঠ ছাড়েন। এই পরিস্থিতিতে প্রথম টেস্ট ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে।
এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় ম্যাচটি আগামী ১৪ থেকে ১৮ ডিসেম্বর আয়োজন করা হবে। চতুর্থ টেস্ট ম্যাচটি ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে আয়োজন করা হবে। আর সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্যাচটি আগামী ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে।