অজিঙ্কা রাহানে এবারও অধিনায়কত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। সমস্ত হোম ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সে।

কলকাতা নাইট রাইডার্স
শেষ আপডেট: 13 March 2026 14:04
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৬-এর প্রথম দফার সূচি ঘোষণা করা হয়েছে। ২৮ মার্চ বেঙ্গালুরুতে আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু। একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে আপাতত শুধু প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ পেয়েছে—২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। বাকি নির্ঘণ্ট নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে জানানো হবে। সন্ধ্যার ম্যাচ শুরু হবে রাত ৭টা ৩০ মিনিটে, ‘ডবল হেডারে’র দিন বিকেলের ম্যাচ শুরু ৩টা ৩০ মিনিটে।
কেকেআর-এর চার ম্যাচ
কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রথম দফায় চারটি ম্যাচ। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে অভিযান শুরু। তারপর ২ এপ্রিল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদ, ৬ এপ্রিল পাঞ্জাব কিংস এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হতে চলেছে নাইট বাহিনী। গত সিজন আট নম্বরে শেষ করা কেকেআর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া।
নতুন চেহারায় নাইট ব্রিগেড
এবার কেকেআরে বড়সড় রদবদল। অভিষেক নায়ার হেড কোচের দায়িত্ব নিয়েছেন। আর কিংবদন্তি আন্দ্রে রাসেল অবসরের পর ফিরেছেন নতুন ভূমিকায়—দলের পাওয়ার কোচ হিসেবে। আইপিএল মিনি নিলামে সবচেয়ে বড় ‘পার্স’ ছিল কেকেআরের হাতে, আর সেটা তারা ভালোভাবেই কাজে লাগিয়েছে।
সবচেয়ে দামি সই অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন (Cameron Green)। রাসেলের মতো ব্যাট ও বলে প্রভাব ফেলতে পারেন এমন অলরাউন্ডার হিসেবেই তাঁকে আনা। ডেথ ওভারে বোলিং দুর্বলতা মেটাবেন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)—ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করেন তিনি। নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র ও ফিন অ্যালেনকে নেওয়া হয়েছে উপরের সারি শক্তিশালী করতে। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী আগের মতোই স্পিন বিভাগের দায়িত্বে।
অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবারও অধিনায়কত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। সমস্ত হোম ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সে।
কেকেআর স্কোয়াড: অজিঙ্কা রাহানে, ফিন অ্যালেন, তেজস্বী দাহিয়া, মনীশ পাণ্ডে, রোভম্যান পাওয়েল, অঙ্গকৃশ রঘুবংশী, রমনদীপ সিং, সার্থক রঞ্জন, টিম সেইফার্ট, রিঙ্কু সিং, রাহুল ত্রিপাঠী, দক্ষ কামরা, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, রাচিন রবীন্দ্র, অনুকূল রায়, আকাশ দীপ, বৈভব অরোরা, হর্ষিত রানা, কার্তিক ত্যাগী, মাথিশা পাথিরানা, প্রশান্ত সোলাঙ্কি, উমরান মালিক, বরুণ চক্রবর্তী।