
টিম ইন্ডিয়ার পেস তারকা জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 15 December 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো : টসে জিতে প্রথমে ফিল্ডিং। ভারতীয় ক্রিকেট দলের রোহিত শর্মা কি আদৌ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন? তা নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে কিছুটা হলেও ভারতীয় ক্রিকেট দলের মানরক্ষা করলেন জসপ্রীত বুমরাহ।
গাব্বা টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান করেছে। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, ক্যাঙারু দলের হয়ে আরও একটি শতরানের ইনিংস খেললেন ট্রাভিস হেড। ১৫২ রান করে তিনি আউট হলেন। সঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তিনিও ১০১ রান করেন। গাব্বাকে কেন অস্ট্রেলিয়ার শক্ত ঘাঁটি বলা হয়, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল।
কথায় বলে, কঠিন পরিস্থিতিতে বড় খেলোয়াড়ের প্রতিভার দাম পাওয়া যায়। সেটাই দেখিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় ক্রিকেট দলের বাকি বোলাররা যেখানে উইকেটের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে, সেখানেই বুমরাহ একা পাঁচ উইকেট শিকার করলেন। তাঁর শিকারের তালিকায় নাম রয়েছে উসমান খোওয়াজা (২১), নাথান ম্যাকসুইনি (৯), স্টিভ স্মিথ, মিচেল মার্শ (৫) এবং ট্রাভিস হেডের। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নীতিশ রেড্ডি এবং মহম্মদ সিরাজ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে, টিম ইন্ডিয়াকে এই ম্যাচটা জিততেই হবে। ড্র করলে কিংবা হারলে ভারতকে অন্য দলের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। রোহিত ব্রিগেডের সামনে লক্ষ্যটা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। আগামীকাল অর্থাৎ সোমবার (১৫ নভেম্বর) অস্ট্রেলিয়ার বাকি উইকেটগুলো ভারতীয় বোলাররা শিকার করতে পারে, এখন সেটাই দেখার।