
রোহিত শর্মা এবং বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে মুখ খুললে বুমরাহ
শেষ আপডেট: 21 November 2024 12:35
দ্য ওয়াল ব্যুরো: বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচ খেলতে পারবেন না রোহিত শর্মা। এই পরিস্থিতিতে পারথ টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাহকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে অস্ট্রেলিয়ায় সাংবাদিক বৈঠক করলেন জসপ্রীত বুমরাহ। সেখানে তিনি বেশ কয়েকটি কঠিন প্রশ্নের উত্তর দিলেন। এর পাশাপাশি বিরাট কোহলি এবং রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও মুখ খুলেছেন তিনি।
পারথ টেস্টে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব নিয়ে যথেষ্ট উৎসাহিত জসপ্রীত বুমরাহ। সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বললেন, 'এটা যথেষ্ট সম্মানের ব্যাপার। আমার অধিনায়কত্বের একটা নিজস্ব ভঙ্গি রয়েছে। বিরাটের আলাদা ছিল, রোহিতেরও ছিল আলাদা। আমার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি অধিনায়কত্বকে একেবারে আলাদা কিছু হিসেবে দেখি না। আমি দায়িত্ব গ্রহণ করতে ভালবাসি। রোহিত শর্মা আমাদের অধিনায়ক। উনি দুর্দান্ত পারফরম্যান্স করছেন।'
সেইসঙ্গে বুমরাহ আরও যোগ করছেন, 'আমি বিরাট কোহলির অধিনায়কত্বে ডেবিউ করেছিলাম। এই দলের প্রকৃতপক্ষে লিডার উনি। বিশ্বের কিংবদন্তি ক্রিকেটারদের মধ্যে বিরাট একজন। আমাদের দলে উনিই সবথেকে বেশি পেশাদার। আমি ওঁকে নিয়ে কোনও মজা করতে চাই না। তবে নেটে কিন্তু দুরন্ত ছন্দে রয়েছেন।'
আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজের প্রথম ম্যাচটা ২২ থেকে ২৬ নভেম্বর পারথে খেলা হবে। এই ম্যাচটা জিতে টিম ইন্ডিয়া সিরিজ শুরু করতে চায়। কিন্তু, ভারতের সামনে রাস্তা অতটাও সহজ হবে না। এই লড়াইয়ের জন্য দুই দলের সমর্থকরাই আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছে।