4.jpg)
টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 6 January 2025 17:19
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার জসপ্রীত বুমরাহকে সিডনি টেস্ট ম্যাচ চলাকালীন যথেষ্ট অস্বস্তিতে দেখতে পাওয়া গিয়েছে। এই ম্যাচের প্রথম ইনিংসে তিনি মাত্র ১০ ওভারই বল করতে পেরেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি বল করতে পারেননি। এই ম্যাচ চলাকালীন বুমরাহকে হাসপাতালে দৌড়তে হয়েছিল। প্রসিদ্ধ কৃষ্ণা জানিয়েছিলেন, বুমরাহের পিঠের পেশিতে টান ধরেছে। সেকারণে তিনি বল করতে পারেননি। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে এখনও পর্যন্ত বুমরাহের কোনও হেলথ আপডেট দেওয়া হয়নি। কবে আবারও ক্রিকেট ময়দানে ফিরতে পারবেন জসপ্রীত বুমরাহ, তা নিয়েও ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে।
বর্ডার-গাভাসকার ট্রফির পর ভারতীয় ক্রিকেট দল ঘরের মাঠে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে নামবে। এই দুটো সিরিজের জন্য এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত আসন্ন সিরিজে জসপ্রীত বুমরাহ আদৌ খেলতে পারবেন কি না?
আগামী ২২ জানুয়ারি থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টি-২০ সিরিজ শুরু হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের পরই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করছেন, জসপ্রীত বুমরাহ যেন ১০০ শতাংশ ফিট হয়ে মাঠে নামতে পারেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাহ নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। এই সিরিজে তিনিই সর্বাধিক উইকেট শিকার করেন। সিরিজের ৫ ম্যাচে বুমরাহ মোট ৩২ উইকেট নিজের ঝুলিতে পুরে নেন। সেকারণে তাঁর হাতে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারও দেওয়া হয়েছে। এই সিরিজে বুমরাহ মোট তিনবার এক ইনিংসে ৫ উইকেট শিকার করেন। ৭৬ রানে ৬ উইকেট শিকার তাঁর সেরা পারফরম্যান্স। এছাড়া ২ ম্যাচে তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্বও দেন।