
টিম ইন্ডিয়ার পেস তারকা জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 17 December 2024 05:19
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেডে জয়ের পর পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস একেবারে আকাশছোঁয়া হয়ে গিয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচটি গত ১৪ ডিসেম্বর থেকে গাব্বায় শুরু হয়েছে। ভারতীয় ব্যাটাররা তৃতীয় দিন প্রথম ইনিংসে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারলেন না। তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়া আপাতত অনেকটাই ব্যাকফুটে দাঁড়িয়ে রয়েছে। ভারতের এই ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সাংবাদিক বৈঠকে জসপ্রীত বুমরাহকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে টিম ইন্ডিয়ার এই তারকা পেসার এমন উত্তর দিলেন, যা শোনার পর আর কেউ মুখ খোলার সাহস পাননি।
সাংবাদিক বৈঠকে জসপ্রীত বুমরাহকে যখন টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়, সেইসময় তিনি চাঁচাছোলা ভাষায় উত্তর দিলেন। একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, ভারতের এই ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আপনি কী বলবেন? যদিও আপনি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন। প্রশ্নটা শুনেই মেজাজ বিগড়ে যায় ভারতীয় পেসারের। তিনি বলেন, 'আপনি কি আমার ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলছেন? তাহলে একবার গুগল করে দেখে নিন। টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বাধিক রান কে করেছে?'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টেস্ট ম্যাচের এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড জসপ্রীত বুমরাহের দখলেই রয়েছে। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ২০২২ সালে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ২২ রান হাঁকিয়ে তিনি বিশ্ব রেকর্ড কায়েম করেছিলেন। যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি।
জসপ্রীত বুমরাহ আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ৬ উইকেট শিকার করেছেন। এই সিরিজের প্রথম এবং দ্বিতীয় টেস্ট ম্যাচেও বুমরাহ দুর্দান্ত পারফরম্যান্স করেন। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে তিনি ৪ উইকেট শিকার করেন। এছাড়া পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচের দুই ইনিংসে বুমরাহ যথাক্রমে ৫ এবং ৩ উইকেট তুলে নিয়েছিলেন।