
ঈশা গুহ এবং জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 16 December 2024 09:51
দ্য ওয়াল ব্যুরো : ব্রিসবেন টেস্টে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই ব্যাকফুটে চলে এসেছে। প্রথম ইনিংসে লাঞ্চ ব্রেকের আগেই তারা তিন উইকেট হারিয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল। ভাগ্য ভাল যে অজিদের এই রানে আটকানো গিয়েছে। কারণ জসপ্রীত বুমরাহ ছাড়া কেউই বল হাতে নজর কাড়তে পারেননি। বুমরাহ একাই ৬ উইকেট শিকার করেছেন।
ব্রিসবেন টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিনের ঘটনা। ব্রিটিশ ধারাভাষ্যকার ঈশা গুহ ভারতের পেস ব্যাটারি জসপ্রীত বুমরাহকে এক বিশেষ প্রজাতির বাঁদরের সঙ্গে তুলনা করেন। প্রসঙ্গত, এই টেস্টের দ্বিতীয় দিন বুমরাহ একাই ৫ উইকেট শিকার করেছিলেন। সেইসময় ঈশা ভারতের এই পেসারকে MVP বলে আখ্যা দেন। MVP কথাটির অর্থ হল, 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার'। কিন্তু, ঈশা এই প্লেয়ার শব্দটির পরিবর্তে 'প্রাইমেট' বলে বুমরাহকে সম্বোধন করেন।
প্রসঙ্গত, প্রাইমেট হল এক বিশেষ প্রজাতির বাঁদর। অনেকেই বলেন যে মানুষের বিবর্তনে এই প্রাইমেট গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু, তা বলে ভারতীয় বোলারকে এমন তুলনা করবেন ঈশা, সেটা কেউ আশা করতে পারেননি। এই মন্তব্যের পর খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করে। আর সেকারণে কিছুটা হলেও ব্যাকফুটে এসেছেন এই ব্রিটিশ ধারাভাষ্যকার এবং এমন মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন।
তিনি বলেন, 'গতকাল (১৫ ডিসেম্বর) কমেন্ট্রি করার সময় আমি একটা ভুল করে ফেলেছি। এমন একটা শব্দ ব্যবহার করেছি, যার একাধিক অর্থ হতে পারে। তবে আমি প্রত্যেককে যথেষ্ট সম্মান করি। যদি কেউ আমার মন্তব্যটি সম্পূর্ণ শোনেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি ভারতীয় পেস বোলারের প্রশংসাই করছিলাম। আমি নিজে বুমরাহের ফ্যান। চাই না যে আমার মন্তব্যের কারণে কোনও বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি হোক।'