বিশ্বজুড়ে বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের অবদানকে সম্মান জানাতে আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া আমার জন্য সম্মানের। এত মহান খেলোয়াড়ের সঙ্গে আমার নাম অন্তর্ভুক্ত হওয়াটা দারুন অনুভূতি। এটি এমন কিছু যা আমি সর্বদা উপভোগ করব।

মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 10 June 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: শুধু ভারত কেন, ক্রিকেট-বিশ্বের সর্বকালের সেরা অধিনায়কদের তালিকার উপরদিকেই থাকবেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। অধিনায়ক হিসাবে ভারতকে তিনি যা সাফল্য দিয়েছেন, আর কারও তা নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন অধিনায়ক ধোনি। তাঁর অধিনায়কত্বে ভারত ক্রিকেটের সব ফরম্যাটেই কোনও না কোনও সময় শীর্ষস্থান লাভ করেছিল। সেই মাহিকে সোমবার আইসিসি হল অব ফেমে (ICC Hall of Fame) অন্তর্ভুক্ত করা হয়েছে।
এমএসডি হলেন দেশের ১১তম ক্রিকেটার যিনি এই সম্মান পেয়েছেন। ধোনির পাশাপাশি আইসিসি এবার আরও সাতজন খেলোয়াড়কে এই সম্মানে ভূষিত করেছে।
ধোনির পাশাপাশি আইসিসি অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং গ্রেম স্মিথ, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেত্তোরি, পাকিস্তানের মহিলা ক্রিকেটার সানা মীর ও ইংল্যান্ডের সারা টেলরকে এবার তাদের হল অফ ফেমে অন্তর্ভুক্ত করেছে।
এই বিশেষ সম্মান পাওয়ার পর ধোনি বলেন, আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়াটা তাঁর জন্য গর্বের বিষয়। ভারতের এই প্রাক্তন অধিনায়ক বলেন, "বিশ্বজুড়ে বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের অবদানকে সম্মান জানাতে আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া আমার জন্য সম্মানের। এত মহান খেলোয়াড়ের সঙ্গে আমার নাম অন্তর্ভুক্ত হওয়াটা দারুন অনুভূতি। এটি এমন কিছু যা আমি সর্বদা উপভোগ করব।"
ধোনিই একমাত্র ভারতীয় অধিনায়ক যাঁর অধিনায়কত্বে তিনটি আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। ২০০৭ সালে ধোনির নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। চার বছর পর, ২০১১ সালে, টিম ইন্ডিয়া ধোনির নেতৃত্বেই জেতে একদিনের বিশ্বকাপ। ২০১৩ সালে তাঁরই নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল। ধোনির নেতৃত্বে ভারতীয় দল টেস্টেও এক নম্বরে উঠে আসে। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ১৭,০০০ এরও বেশি রান রয়েছে।