২৮ মার্চ বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচ। আইপিএল ২০২৬-এর উদ্বোধনী মোলাকাত। সেই মাঠে অভিষেকের ব্যাটকে কি চুপ করাতে পারবে বিরাট কোহলির ছেলেরা?
.jpeg.webp)
অভিষেক শর্মা
শেষ আপডেট: 22 March 2026 11:55
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের শুরুতে টানা তিনটে শূন্য। অসুস্থতা, ফর্মহীনতা… অভিষেক শর্মার (Abhishek Sharma) জন্য এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম দিকটা ভুলে যাওয়াই ভাল।
কিন্তু সেই অভিষেক শনিবার সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) আন্তঃদলীয় খেলায় (ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ) ৪২ বলে ৯৪ রান করলেন। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ইনিংস দেখে স্পষ্ট—গেলবারের মতো এ বছরও আইপিএল বোলারদের বিনিদ্র রজনী কাটাতে হতে পারে!
বিশ্বকাপের তিক্ততা মুছে দিলেন
বিশ্বকাপের গ্রুপ পর্বে একটা ম্যাচ মিস করেছিলেন অভিষেক। অসুস্থতায়। ফিরে আসেন ঠিকই। কিন্তু সেটা স্বপ্নের নয়, হয়ে ওঠে দুঃস্বপ্নের প্রত্যাবর্তন! তিনটে ম্যাচে তিনটে শূন্য… পরপর! সংখ্যাটা যন্ত্রণার। কিন্তু অভিষেক দমেননি।
ঘুরে দাঁড়ান শেষ লগ্নে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইটে ৫৫ রান ছিল ট্রেলার। কামব্যাক সম্পূর্ণ হয় ফাইনালে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাঁকান ২১ বলে ৫২। মোট আট ইনিংসে ১৪১ রান। রেকর্ড হয়তো সব বলে না, কিন্তু চূড়ান্ত যুদ্ধের সেই ৫২ রানের ইনিংস ভারতের বড় স্কোর গড়তে অবদান রেখেছিল।
সেই অভিষেক এখন আইপিএলের প্রস্তুতিতে পুরো ছন্দে। ৪২ বলে এল ৯৪। সেঞ্চুরি আসতে পারত। কিন্তু অল্পের জন্য ফসকে গেল। ব্রায়ডন কার্সের বলে আউট হলেন। যা দেখে অশ্বিন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘সম্ভবত মূল আসরের জন্য শতরান তুলে রেখেছে!’
সানরাইজার্সে সূর্যোদয়?
শুধু অভিষেক নয়—পুরো দলের ব্যাটিং ছিল দেখার মতো। ক্লাসেন ৩১ বলে ৪৯, নতুন মুখ সালিল অরোরা মাত্র ১৬ বলে ৪৭—পরিসংখ্যান বলে দিচ্ছে, পাওয়ার হিটিংয়ে এবারের হায়দরাবাদ টিম আরও ভয়ঙ্কর। অন্তর্বর্তী অধিনায়ক ঈশান কিষাণও (Ishan Kishan) গুরুত্বপূর্ণ ১৮ রান যোগ করলেন। যার সুবাদে স্কোরকার্ড ২৪০ ছাড়িয়ে গেল। এমনিতে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের আসল পরিচিতিই বোলারদের নাকানিচোবানি খাওয়ানোয়। আন্তঃদলীয় লড়াই সেই চেনা ভয় আবার মনে করিয়ে দিল।
— Kiara Media (@ImNiranjan2131) March 21, 2026
উল্লেখ্য, প্যাট কামিন্স (Pat Cummins) চোটে থাকায় এবার মরসুমের গোড়ায় অধিনায়কত্ব করবেন ঈশান কিষাণ। ২৮ মার্চ বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচ। আইপিএল ২০২৬-এর উদ্বোধনী মোলাকাত। সেই মাঠে অভিষেকের ব্যাটকে কি চুপ করাতে পারবে বিরাট কোহলির ছেলেরা?