
দীপক চাহার এবং মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 25 November 2024 16:54
দ্য ওয়াল ব্যুরো : আইপিএল টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি এবং দীপক চাহারের খুনসুটি নিয়ে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। দীপক নিজেও স্বীকার করেছিলেন যে ধোনি তাঁকে বকাবকি করলেও, ভালবাসার পাত্রও তিনিই ছিলেন। কিন্তু, আইপিএল মেগা নিলামে ধোনির সেই প্রিয় পাত্রকে ঘরে ফেরাতে পারল না চেন্নাই সুপার কিংস।
সোমবার মেগা অকশনের দ্বিতীয় দিন নিলাম টেবিলে নাম ওঠে দীপক চাহারের। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। শুরু থেকেই পঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে।
চোখের পলকে টাকার সূচক উঠতে উঠতে ৬ কোটিতে পৌঁছয়। কিন্তু, আর কোনও দল দীপকের জন্য় সেভাবে আগ্রহ প্রকাশ করেনি।
অবশেষে দর যখন ৮ কোটিতে পৌঁছল, তখন আসরে নামে চেন্নাই সুপার কিংস। কিন্তু, ৯.২৫ কোটিতে চেন্নাইকে টেক্কা দিল মুম্বই ইন্ডিয়ান্স। ধোনির শিবির ছেড়ে এবার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে হবে দীপক চাহারকে। চেন্নাই সমর্থকরা দীপককে দলে না পেয়ে ইতিমধ্যে হতাশ হয়ে পড়েছেন।