মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জেতার পরেই বিরাট কোহলির চোট নিয়ে তৈরি হলো রহস্য! ফিল্ডিং করতে কেন নামেননি? আরসিবি অধিনায়ক রজত পাটিদার কী জানালেন? বিস্তারিত আপডেট পড়ুন।

বিরাট কোহলি
শেষ আপডেট: 13 April 2026 10:34
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ জিতেছে দল। কিন্তু খেলা শেষে আলোটা ঘুরে গেল অন্য দিকে। বিরাট কোহলি (Virat Kohli) ফিল্ডিং করতে মাঠে নামলেন না। জ্যাকেট পরে ডাগআউটে বসে থাকতে দেখা গেল তাঁকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল—খেলা চলাকালীন যে চোট পেয়েছিলেন, তা কতটা গুরুতর?
জল্পনা দানা বাঁধার আগেই অবশ্য এই নিয়ে জবাব দিলেন আরসিবি অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar)। তবে উত্তরটা খুব স্পষ্ট নয়। বরং খানিকটা সংশয় রয়েই গেল।
ম্যাচ শেষে পাটিদারের সংক্ষিপ্ত আপডেট—‘আমি পুরোটা জানি না। তবে মনে হয়, (বিরাট) এখন ঠিক আছে।’ এই ‘মনে হয়’ শব্দবন্ধটাই ধোঁয়াশা বাড়াচ্ছে। কারণ, বিরাটের মতো ক্রিকেটার যদি মাঠে নামতে না পারেন, তাহলে সেটা কোনওভাবেই হালকা বিষয় নয়। গতকাল তাঁকে পুরো সময় ডাগআউটে বসে থাকতে দেখা গেল। ফিল্ডিং করেননি। মানে, শরীরের কোথাও সমস্যা ছিল—এটা নিশ্চিত। যদিও দলের তরফে এখনও এই বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।
চোট সত্ত্বেও ব্যাট হাতে বিরাট দুরন্ত। ফিল সল্টের (Phil Salt) সঙ্গে জুটিতে শুরুতেই ম্যাচটা আরসিবির দিকে ঘুরিয়ে দেন। তারপর পাটিদার নিজে, সঙ্গে টিম ডেভিড (Tim David) শেষদিকে ঝড় তোলায় স্কোর পৌঁছে যায় ২৪০/৪।
মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) পাল্টা লড়াই করেছিল। রাদারফোর্ড (Sherfane Rutherford) ৩১ বলে ৭১* রান হাঁকালেও যথেষ্ট ছিল না। ১৮ রানে হার মানেন হার্দিক বাহিনী। নায়ক পাটিদার। কিন্তু নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এই জয়ের ভিত কিন্তু তৈরি করেন বিরাটরাই। তাই খেলা চলাকালীন তাঁর মাঠের বাইরে চলে যাওয়া আরও বেশি চিন্তার কারণ হয়ে উঠেছে।
এই মরসুমে রজত পাটিদার নিজেও দুর্দান্ত ফর্মে। চার ম্যাচে ১৯৫ রান। স্ট্রাইক রেট ২১৪-এর বেশি। ছক্কার তালিকায় যৌথ শীর্ষে। আরসিবি অধিনায়ক স্পষ্ট জানালেন, দলের ব্যাটিং এখন পরিষ্কার পরিকল্পনার ফসল। কে কখন আক্রমণ করবে, কীভাবে ইনিংস গড়া হবে—সবই নির্দিষ্ট। ওয়াংখেড়ে (Wankhede Stadium) ভরা গ্যালারির সামনে খেলাও আত্মবিশ্বাস বাড়িয়েছে।
তবে সব কিছুর মধ্যেও বড় প্রশ্ন—বিরাট কোহলি কতটা ফিট? পরের ম্যাচে নামবেন তো? এই উত্তর না পাওয়া পর্যন্ত আরসিবির জয় ছিনিয়েও পুরোপুরি স্বস্তিতে নেই।