আসলে সওয়াল শুধু চার্টার্ড ফ্লাইট নয়। বিতর্কের মোদ্দা ইস্যু হল—একজন ক্রিকেট মহাতারকা ব্যক্তিগত জীবন আর সর্বজনীন দায়বদ্ধতার সীমারেখা কোথায়?

বিরাট কোহলি
শেষ আপডেট: 22 March 2026 15:15
দ্য ওয়াল ব্যুরো: ‘সোশ্যাল মিডিয়া’য় ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্যকর ‘খবর’—আইপিএলের (IPL 2026) মধ্যে দুটো ম্যাচের ফাঁকে তিন দিনের বেশি ‘গ্যাপ’ পেলেই সোজা লন্ডন উড়ে যেতে চার্টার্ড ফ্লাইটের ‘আবদার’ জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)! গুঞ্জন যত বড়মাপে সাড়া ফেলেছিল, জবাব এল ততোধিক লঘু মেজাজে। রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে মাত্র দুটো ইমোজি পোস্ট করে গোটা বিষয়টিকে হাসির ছলে হেলায় উড়িয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সংশয় কি তবু রয়ে গেল?
বিরাট সরাসরি কিছু বলেননি। কিন্তু তিনি যে কায়দায় উত্তর দিয়েছেন, সেটাই বলে দেয়, গুজব কতটা দ্রুত ছড়িয়েছিল, ফেলেছিল সাড়াও। আরসিবির (RCB) হয়ে মাঠে নামার আগেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা দিতে হচ্ছে—এটা নিঃসন্দেহে লঘু ঘটনা হতে পারে না। বিশেষ করে, ব্যক্তির নাম যখন বিরাট কোহলি। যিনি খুব জটিল বা দরকারি কারণ ছাড়া সমাজমাধ্যমে সক্রিয় হন না! পোস্ট করেন প্রাসঙ্গিক। বেদরকারে না সুদূর না সাম্প্রতিক—কোনও অতীতেই সেভাবে কৈফিয়ত দাখিল করতে দেখা যায়নি আরসিবি তারকাকে।
অথচ এখন ছবিটা অন্যরকম। সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন। বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন। ২৮ মার্চ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) বিরুদ্ধে আইপিএল ২০২৬-এর মরশুম উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন তিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির জার্সিতে। তার আগে ময়দানের বাইরের ইস্যুতে জড়িয়ে পড়তে হল বিরাটকে।
কেন ঘনঘন লন্ডন?
কোহলির লন্ডনে সময় কাটানোর বিষয়টা নতুন নয়। আপাতত অফ-সিজনের প্রধান ঠিকানা। কারণটা ব্যক্তিগত। সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। ভারতে তিনি যে অবিশ্রান্ত মনোযোগ ও উন্মাদনার মুখে পড়েন, তা থেকে সন্তানদের দূরে রাখতে চান। লন্ডনের রাস্তায় মাঝেমধ্যে দেখা যায় বাজার করতে বা পার্কে হাঁটতে—একজন সাধারণ মানুষের মতো। সেই ‘স্বাভাবিকতাটা’ই হয়তো এই মুহূর্তে বিরাটের কাছে দামি। ক্যামেরার ঝলক নেই, ভিড় নেই, হইচই নেই। তাই কি ঘুরেফিরে সেই লন্ডন-যাত্রা?

বিতর্ক থামছে না
সমাজের একটা বড় অংশের এই ‘লন্ডন-প্রীতি’ সহজে হজম হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা তো আছেই, পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। জাতীয় তারকা, যিনি একদিনের ক্রিকেটে এখনও সক্রিয়, দেশের বাইরে লম্বা সময় কাটাচ্ছেন—এই ছবি অনেকের চোখে বেমানান।
আসলে সওয়াল শুধু চার্টার্ড ফ্লাইট নয়। বিতর্কের মোদ্দা ইস্যু হল—একজন ক্রিকেট মহাতারকা ব্যক্তিগত জীবন আর সর্বজনীন দায়বদ্ধতার সীমারেখা কোথায়? কোহলি (Virat Kohli RCB 2026) ইমোজি দিয়ে হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু এই ঝামেলা এত সহজে মিলিয়ে যাওয়ার নয়।