.jpg)
আইপিএল নিলাম পরিচালনা করছেন মল্লিকা সাগর
শেষ আপডেট: 25 November 2024 09:52
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল নিলামে কার কপাল কখন খুলবে, সেটা বোধহয় স্বয়ং ঈশ্বরও বলতে পারবেন না। তেমনই কার পায়ের তলা থেকে কখন ভিতটা নড়ে যাবে, সেটাও কেউ জানেন না। নাহলে কেউ ভেবেছিল যে আইপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়কের দিকে কেউ ফিরেও তাকাবেন না!
হ্যাঁ, ২০২৫ আইপিএল মেগা নিলামে এমন ঘটনারই সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। নিলামের প্রথম দিন আনসোল্ড থেকে গেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত একবারই আইপিএল খেতাব জিততে পেরেছে। ২০১৬ সালে। সেইসময় হায়দরাবাদের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। এরপর থেকে নিজাম শহরের এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি দ্বিতীয় খেতাবের আশায় চাতক পাখির মতো অপেক্ষা করছে।
প্রথমে ওয়ার্নারকে সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হল। এরপর দল থেকেই তাঁকে বের করে দেওয়া হয়েছে। এরপর দিল্লি ক্যাপিটালস দলে আসেন ওয়ার্নার। ঋষভ পন্থের অনুপস্থিতিতে তিনি এক বছর দিল্লিকে নেতৃত্বও দেন। কিন্তু, তাঁর অধিনায়কত্বে দিল্লি ক্যাপিটালস বিশেষ নজর কাড়তে পারেনি। এরপর চলতি বছর দিল্লিও তাঁকে রিলিজ করে দিয়েছে।
আইপিএল ২০২৫ মেগা অকশনে আরও একবার ডেভিড ওয়ার্নারের নাম দেখতে পাওয়া যায়। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। আশা করা হয়েছিল, ওপেনিং ব্যাটার হিসেবে তাঁকে কোনও না কোনও দল ঠিক ডেকে নেবে। কিন্তু, কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁর প্রতি আগ্রহ দেখায়নি। শেষপর্যন্ত তিনি আনসোল্ড থেকে যান। যদিও এখনও সুযোগ রয়েছে। কিন্তু, দ্বিতীয়বারও তিনি যদি আনসোল্ড থাকেন, তাহলে সেটা আইপিএল নিলামের অন্য়তম বড় চমক হবে।