অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ ছিল ব্যাটিং সহায়ক। লড়াই শেষে একথা মেনে নিয়েছেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। যদিও পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে বসে নিজেদেরও কাঠগড়ায় তুলেছেন তিনি।

অক্ষর প্যাটেল
শেষ আপডেট: 19 May 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: একটা দল প্রথমে ব্যাট করতে নেমে দুশোর টার্গেট দাঁড় করাচ্ছে একটা দল। প্রতিপক্ষ কোনও উইকেট না হারিয়েই সে লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। এমন দৃশ্য ক্রিকেটের ময়দানে খুব একটা দেখা যায় না। গতকাল আইপিএল (IPL 2025) এমন বিরল ঘটনার সাক্ষী থাকল। দিল্লি বনাম গুজরাতের গুরুত্বপূর্ণ ম্যাচে (DC vs GT) প্রথমে ব্যাট করতে নেমে কেএল রাহুলের (KL Rahul) দুরন্ত শতরানের সুবাদে দিল্লি (DC) তুলল ১৯৯ রান। টার্গেট তাড়া করতে নেমে পাল্টা শতরান করে দলকে জয়ের স্বাদ এনে দিলেন সাই সুদর্শন (Sai Sudarshan)। যোগ্য সঙ্গত শুভমান গিলের (Shubhman Gill)।
অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ ছিল ব্যাটিং সহায়ক। লড়াই শেষে একথা মেনে নিয়েছেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। যদিও পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে বসে নিজেদেরও কাঠগড়ায় তুলেছেন তিনি। বিশেষ করে বোলারদের সমালোচনা করেছেন। অক্ষর বলেছেন, ‘ফিল্ডিং এবং পাওয়ারপ্লে-তে বোলিং ঠিকঠাক হয়নি। এই দুই ক্ষেত্রে আরও উন্নতি করা প্রয়োজন।‘
পাশাপাশি গুজরাতের ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়েও প্রশংসার সুরে শোনা গিয়েছে অক্ষরের গলায়। বলেছেন, ‘ওরা দুর্দান্ত ব্যাটিং করেছে। সময়ের সঙ্গে সঙ্গে উইকেটও সাহায্য করা শুরু করে। আমরা লড়াই করার মতো স্কোর দাঁড় করিয়েছিলাম। ফিনিশও ভালভাবেই করি। রাহুল দারুণ ব্যাট করেছে। বোলাররা চেষ্টা করেছে। কিন্তু জয় হাতে আসেনি। যদিও গত দুই ম্যাচের তুলনায় আমরা বাটিংয়ে উন্নতি করেছি।‘
কেন গুজরাতের ব্যাটিং ভাল হল, তার কারণ খুঁজতে গিয়ে পিচের দিকে নজর টেনেছেন অক্ষর প্যাটেল। তাঁর বক্তব্য, ‘সেকেন্ড ইনিংসে বল খুব ভালভাবে ব্যাটে আসছিল। পিচে আটকে যায়নি। প্রথম ইনিংসে অনেক ধীরে ধীরে বল আসে। ওরা উইকেটও হারায়নি। ফলে রান তাড়া করাটাও অনেক সহজ হয়ে যায়।‘
প্রসঙ্গত, এবারের আইপিএলে দারুণ শুরু করেও প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার পথে দিল্লি ক্যাপিটালস। পরপর পাঁচটি ম্যাচ হেরেছেন অক্ষর প্যাটেলরা। অন্যদিকে গুজরাত টেবিল টপার। ১২ ম্যাচে ৯ জয়ের সুবাদে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে শুভমান গিলের দল।