বাদানি বলেছেন, "আমদের শেষ দু’টি ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।১৮ ওভার পর্যন্ত আমাদের বোলিং ধারাবাহিক এবং সঠিক ছিল। শেষ পর্যন্ত আমাদের পারফরম্যান্স আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমরা শেষ ১২ বলে ৪৮ রান দিয়েছি।"

হেমাঙ্গ বাদানি
শেষ আপডেট: 22 May 2025 13:04
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এর (IPL 2025) শুরুটা দুরন্ত করেছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্রথম ছয়টির মধ্যে পাঁচটি ম্যাচেই জিতেছিল তারা। কিন্তু সময় যত এগিয়েছে, ততই ধারাবাহিকতার অভাব গ্রাস করেছে দিল্লিকে। শেষ পর্যন্ত বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে হেরে প্লে অফ থেকে ছিটকে গিয়েছে দেশের রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।
ম্যাচ হারের পর দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হেমাঙ্গ বাদানি (Hemang Badani) তাঁর দলের বোলারদের দিকেই আঙুল তুলেছেন। বাদানি স্বীকার করে নিয়েছেন যে, বোলাররা ঠিকমতো ইয়র্কার ব্যবহার করতে পারেননি বলেই ম্যাচ হাতছাড়া হয়েছে। পাশাপাশি তিনি নিয়মিত অধিনায়ক অক্ষর প্যাটেলের অনুপস্থিতির কথাও বলেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫৯ রানে হারের পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে হতাশা প্রকাশ করে বাদানি বলেন, দলের একটা পরিকল্পনা ছিল। কিন্তু দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান এবং দুষ্মন্ত চামিরা সেটা কাজে লাগাতে পারেননি।
আসলে মুম্বইয়ের ব্যাটিংয়ের প্রথম ১৮ ওভার দিল্লির নিয়ন্ত্রণেই ছিল। একটা সময় ৩৮টি ডট বল খেলেছিলেন মুম্বই ব্যাটাররা। কিন্তু শেষ দুই ওভারে ওঠে ৪৮ রান (48 Runs in Last 2 Overs)। বাদানি বলেছেন, "আমদের শেষ দু’টি ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১৮ ওভার পর্যন্ত আমাদের বোলিং ধারাবাহিক এবং সঠিক ছিল। শেষ পর্যন্ত আমাদের পারফরম্যান্স আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমরা শেষ ১২ বলে ৪৮ রান দিয়েছি।"
শেষ দুই ওভার প্রসঙ্গে দিল্লি হেডকোচ বলেছেন, “আমাদের বোলাররা পিচ ঠিকমতো বুঝতে পারেনি। সেই সময় পিচ স্লো আচরণ করছিল। সে সময় আমরা কাটারে ভরসা রাখতে পারতাম বা ওয়াইড ইয়র্কারও করতে পারতাম। আন্তর্জাতিক স্তরের বোলারদের থেকে এই আশা করা যেতেই পারে। যদি আপনি তা না করেন, তাহলে সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়রা সেই সুযোগ নেবেনই।”
এই মরশুমের প্রথম দিকে দিল্লি বোলিংয়ের নেতৃত্ব দিয়েছিলেন অজি পেসার মিচেল স্টার্ক। ডেথ ওভারে তাঁর বোলিং বিপক্ষের কাছে আতঙ্ক হয়ে উঠেছিল। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে স্টার্ক ছিলেন না। তাঁর অভাব পূরণ করতে পারেননি মুস্তাফিজুর বা চামিরা।
বুধবারের ম্যাচে মুস্তাফিজুর ৩০ রানে ১ উইকেট নিয়েছেন ও চামিরা ৫৪ রান দিয়ে উইকেটবিহীন ছিলেন। পাশাপাশি মুকেশ কুমার (Mukesh Kumar) দু’টি উইকেট নিলেও চার ওভারে খরচ করেছেন ৪৮ রান। এর মধ্যে ১৯তম ওভারে মুকেশের বিরুদ্ধে সূর্য কুমার যাদব ও নমন ধীর তোলেন ২৭ রান। ২০তম ওভারে চামিরা দেন ২১ রান।
বাদানি আরও জানিয়েছেন, ওয়াংখেড়ের মতো টার্নিং পিচেনিয়মিত অধিনায়ক অক্ষর প্যাটেলের অনুপস্থিতি মরশুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সমস্যা বাড়িয়েছে। বাদানি বলেন, “অক্ষর এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমকা নিতে পারত। এই মাঠে একজন বাঁ-হাতি স্পিনার আমাদের জন্য খুবই সহায়ক হত। তাছাড়া, অক্ষরের ব্যাটিংও স্যান্টনারকে মোকাবেলা করতে পারত।”