
ঘরের মাঠে আজ নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন অশ্বিন।
শেষ আপডেট: 12 May 2024 13:39
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান রয়্যালসের কাছে অ্যাওয়ে ম্যাচ। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের কাছে তো নয়। চিপক স্টেডিয়ামের প্রতিটা ঘাস ইঞ্চিতে ইঞ্চিতে চেনেন অশ্বিন। আর মাত্র একটা ম্যাচ জিতলেই তাঁরা চলে যাবেন প্লে-অফে। খামোকা ফেলে রেখে লাভ কী? কিন্তু বললেই তো হল না। উল্টোদিকে যে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আরও ভাল করে বললে, মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস।
অন্না সালাই থেকে মেরিনা বিচ অবধি চেন্নাইয়ের অলিগলি-রাজপথে একটাই প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে। আজই কি তাহলে চেন্নাইতে শেষবারের মত নামবেন ধোনি? এমনিতে এবারের আইপিএলে চেন্নাইয়ের কপাল বেশ ভাল। আগেরবারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবারে একটা কোয়ালিফায়ার ও ফাইনাল হতে চলেছে চেন্নাইতে। শেষ অবধি প্লে-অফে যেতে পারলে তারপরেও অতএব চেন্নাই হোমম্যাচ পেতে চলেছে। কিন্তু যদি না হয় সেসব? তাহলে?
চেন্নাইতে সিএসকে দলের সমর্থন ঈর্ষণীয়। আইপিএলের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সিএসকে অন্যতম। বিশেষ করে ঘরের মাঠে তারা যে জনসমর্থন টানে, যে কোনও দল দেখলে ঈর্ষান্বিত হবে। এদিকে আজ খেলা ভরদুপুরে, সাড়ে তিনটেয়। চেন্নাইতে আকাশ হালকা মেঘলা, কিন্তু গরমে নাজেহাল অবস্থা। এই অবস্থাতেও ঋতুরাজ গায়কোয়াড়রা আশা করছেন, গ্যালারি হলুদে চেয়ে যাবে।
রাজস্থানের কাছে এই ম্যাচ যত তড়িগড়ি প্লে-অফের রাস্তা সাফ করা যায়, সেই প্রশ্নের লড়াই। চেন্নাইয়ের কাছে সেসব নয়। এখনও চেন্নাইয়ের সামনে মেঘলা আকাশ রয়েছে। লিগ টেবলে চার নম্বরে আছে। ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্টে আছেন ধোনিরা। একই ম্যাচ খেলে একই পয়েন্টে আছে দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস। নেট রানরেটের বিচারে চুলচেরা পার্থক্যে ওঠাপড়া চলছে। এই অবস্থায় কোনও ঝুঁকিতে যাওয়ার মানে হয় না। তার ওপর আগের ম্যাচে গুজরাতে গিয়ে শুভমন গিল, সাই সুদর্শনের কাছে বেধড়ক মার খেয়ে ফিরেছে চেন্নাই। তাদের দুই তারকা পেসার মাথিসা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান দু'জনেই নেই। অজিঙ্ক রাহানে কবে ফর্মে ফিরবেন কেউ জানে না। এতদিন তাঁকে বয়ে বেড়িয়েছে চেন্নাই। আজ কি তিনি বসবেন? না হলে ইমপ্যাক্ট সাবে নামানো যেতে পারে। হয়ত রাচিন রবীন্দ্র আজ ওপেনে আসবেন। তবে মিডল অর্ডারে ঋতুরাজ, ড্যারিল মিচেল ও শিবম দুবে-তে কোনও বদল না আসাই স্বাভাবিক।
ওদিকে রাজস্থান মোটের ওপর গোটা আইপিএল ভাল খেলে শেষে দুই ম্যাচে বেমক্কা হেরে বসেছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের কাছে। এরপর আজ হারের হ্যাটট্রিক হোক, বিশ্বকাপের আগে নতুন বাছাই হওয়া সঞ্জু স্যামসন মোটেই চাইবেন না। ওপেনে জস বাটলার, যশস্বী জয়সওয়ালই থাকছেন। তিন সঞ্জু, চারে আজ রিয়ান পরাগের আসার সম্ভাবনা। তবে শেষে রভম্যান পাওয়েল না কেশব মহারাজ কে থাকবেন সেটা ফাইনাল দল বেরোলে বোঝা যাবে। রাজস্থানের আজ আসার জায়গা বরং বোলিং। অশ্বিন, যুজবেন্দ্র চহাল, সন্দীপ শর্মাদেরই আজ বড় পরীক্ষা। পাশাপাশি অভিজ্ঞ পেসার হিসেবে ট্রেন্ট বোল্টও আজ চিপকের পিচের ফায়দা তুলতে পারেন।