
সানরাইজার্সের সব ম্যাচেই গ্যালারিতে কাব্যর উপস্থিতি নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের।
শেষ আপডেট: 27 May 2024 18:06
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে 'নেক্সট জেন' কর্মকর্তাদের মধ্যে তাঁর মুখটা নিঃসন্দেহে এই মুহূর্তে ওপরের দিকে থাকবে। নিলামের সময় থেকেই সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব সামলাচ্ছেন সান গ্রুপ কর্ণধার কলানিথি মারানের মেয়ে কাব্য মারান। আরিয়ান খান, সুহানা খানরা নিলামের সময়ে নজর কেড়েছিলেন। কিন্তু দলের সিইও হওয়ার মত মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব এখনও আরিয়ানদের জোটেনি। কলকাতা নাইট রাইডার্সে সে গুরুভার অভিজ্ঞ বেঙ্কি মাইসোরই সামলান। কিন্তু মাত্র ৩২ বছর বয়সেই পুরোদস্তুর দল পরিচালনার দায়িত্ব পেয়েছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা কাব্য। তার পর থেকেই সানরাইজার্সের প্রতিটি ম্যাচে তাঁর উপস্থিতি ক্রিকেটপ্রেমীদের কাছে চেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে।
দক্ষিণী ছবির জগতে 'সান গ্রুপ' এক বিরাট বড় নাম। তাঁদের অধীনস্থ সান পিকচার্স তামিল ও তেলুগু ছবির নামকরা প্রযোজনা সংস্থা। থলপতি বিজয়ের 'বিস্ট', 'সরকার', রজনীকান্তের 'জেলার', 'রোবট', 'অন্নাঠে' ইত্যাদি নানা ব্লকবাস্টার ছবির প্রযোজক তারা। সেই 'জেলার' ছবির অনুষ্ঠানে হাজির রজনীকান্ত স্বয়ং কলানিথি মারানকে বলেন, 'আমার একটাই অনুরোধ রয়েছে কলা স্যারের কাছে। দয়া করে সানরাইজার্স হায়দরাবাদের জন্য এবার ভাল প্লেয়ারদের নিয়ে আসুন। প্রতি ম্যাচে আমি কাব্যর চোখমুখ দেখি আর আমার রক্তচাপ বেড়ে যায়।' উল্লেখ্য, গত তিন মরসুমের দুইবারই একেবারে লিগ টেবলের তলানিতে শেষ করেছিল হায়দরাবাদ।
Will never forgive KKR for making Kavya Maran Cry ????
— Mohit (@mohit12j) May 26, 2024
pic.twitter.com/wbswAh0Vrn
সুপারস্টারের কথা শুনেছেন কলানিথি। এবার এমন দল গড়েছে হায়দরাবাদ, কার্যত আইপিএলে রানের সীমারেখাটাই পিছোতে পিছোতে চলে গিয়েছে আড়াইশোর ঘরে। কিন্তু তারপরেও, ফাইনালে ট্রফি আর এল না নিজামের শহরে। চেন্নাইতে কেকেআরের মিচেল স্টার্ক, বৈভব অরোরা, আন্দ্রে রাসেলদের দাপটে প্রায় দাঁড়াতে পারেনি হায়দরাবাদ। একপেশে খেলায় ম্যাচ জিতেছে কলকাতা। মাঝেমধ্যে গ্যালারিতে টিভি ক্যামেরা যাচ্ছিল। হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেত্তোরি, মেন্টর মুথাইয়া মুরলীধরণ প্রায় অসহায় ভাবে দেখে যাচ্ছিলেন দলের আত্মসমর্পণ।
দেখছিলেন কাব্যও। শেষে আর আবেগ ধরে রাখতে পারেননি। প্রকৃত মালকিনের মতোই উঠে দাঁড়িয়ে কলকাতার জন্য হাততালি দিয়েছেন। কঠিন হারের মুখে নিজের দলকেও সমর্থন করে গিয়েছেন। কিন্তু টিভি ক্যামেরায় পরিষ্কার ধরা পড়ে, ঠোঁট চেপে কান্না সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়েছে নেটদুনিয়ায়। রজনীকান্তের রক্তচাপ কাল আবার বেড়েছিল কিনা, তা অবশ্য জানা যায়নি।