
নীতিশ রেড্ডি এবং মিচেল স্টার্ক
শেষ আপডেট: 6 December 2024 16:05
দ্য ওয়াল ব্যুরো : প্রতিবারই অস্ট্রেলিয়া সিরিজ কোনও না কোনও ভারতীয় ক্রিকেট তারকার জন্ম দেয়। এবার সেই তারকার নাম অবশ্যই নীতিশ রানা। একটা সময় ভারতের ব্যাটিং ডিপার্টমেন্ট ধুঁকতে বসেছিল। সেইসময় অক্সিজেনের কাজ করলেন নীতিশ। শেষপর্যন্ত ৪২ রান করে তিনি আউট হলেন। আর সেইসঙ্গে ১৮০ রানে অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া।
রোহিত শর্মা ৩ রানে আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন নীতিশ। শুরুর দিকে কিছুটা হলেও তিনি 'ধীরে চলো' নীতি নিয়েছিলেন। কিন্তু, ঋষভ এবং অশ্বিন আউট হতেই তিনি নিজের হাত খুলতে শুরু করেন। ৪১ ওভারের প্রথম বলে এক্সট্রা কভারের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান। পরের ওভারেই স্কট বোল্যান্ডকে তিনি জোড়া ছক্কা হাঁকিয়েছিলেন।
অন্যদিকে, অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে স্টার্ক ৬ উইকেট শিকার করলেন। ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে এটাই তাঁর সেরা পারফরম্য়ান্স। তাঁর শিকারের খাতায় নাম রয়েছে যশস্বী জয়সওয়াল (০), কেএল রাহুল (৩৭), বিরাট কোহলি (৭), রবিচন্দ্রন অশ্বিন (২২), হর্ষিত রানা (০) এবং নীতিশ রেড্ডির (৪২)।
প্রসঙ্গত, পারথ টেস্টেও ব্যাট হাতে নজর কেড়েছিলেন নীতিশ কুমার রেড্ডি। প্রথম ইনিংসে ৪১ রান করলেও, দ্বিতীয় ইনিংসে তিনি ৩৮ রানে অপরাজিত থাকেন। এবার অ্যাডিলেডের দ্বিতীয় ইনিংসে তিনি কেমন পারফরম্য়ান্স করেন, সেদিকে অবশ্যই সকলের নজর থাকবে।