2.jpg)
জসপ্রীত বুমরাহকে নিয়েই চলছে দড়ি টানাটানি
শেষ আপডেট: 13 January 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলগুলো নিজেদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। কিন্তু, এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করতে পারল না। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই স্কোয়াডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই স্কোয়াড ঘোষণার জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছে। কিন্তু, কেন এতটা দেরি হচ্ছে টিম ইন্ডিয়ার? সেই কারণটাই অবশেষে সামনে এসেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফির শেষ ম্যাচ খেলতে নেমে চোট পেয়েছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ। সিডনি টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি বলও করতে পারেননি। জানা গিয়েছে, বুমরাহের পিঠের পেশিতে টান ধরেছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার এই তারকা পেসার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। কয়েকদিন আগে একটি বিশেষ সূত্র মারফৎ শোনা গিয়েছিল, মার্চের প্রথম সপ্তাহে তিনি ফিট হয়ে উঠতে পারেন। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথমদিকে কয়েকটা ম্যাচ তিনি মিস করতে পারেন।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বুমরাহকে রাখা হবে কি না, তা নিয়ে একাধিক জল্পনা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক উইকেট শিকার করেছিলেন জসপ্রীত বুমরাহ। সিডনি টেস্ট চলাকালীনই তাঁকে মাঠ ছাড়তে হয় এবং হাসপাতালে স্ক্যানও করাতে যান তিনি।
অন্যদিকে, চোটের পর আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব প্রক্রিয়ায় রয়েছেন কুলদীপ যাদব। যদিও কুলদীপ এখনও পর্যন্ত এনসিএ থেকে ছাড়পত্র পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে অবশ্য কুলদীপ যাদব এবং বুমরাহ, কাউকেই স্কোয়াডে রাখা হয়নি।
গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন কুলদীপ যাদব। সেইসময়ই কোমরে চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে আর ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করতে পারেননি তিনি। নির্বাচকরা আপাতত এই দুই ক্রিকেটারের ফিটনেস সার্টিফিকেটের অপেক্ষা করছেন। আর সেকারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা এতটা দেরি করছে টিম ইন্ডিয়া।