
শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ
শেষ আপডেট: 14 November 2024 17:40
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া বর্তমানে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে। বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে হবে। সেকারণে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে।
ইতিমধ্যে টিম ইন্ডিয়ার প্র্য়াকটিস সেশনের একাধিক ছবি আসতে শুরু করেছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি আগামী ২২ নভেম্বর পারথে আয়োজন করা হবে। এই ম্য়াচের আগে অস্ট্রেলিয়ার এক প্রাক্তন ক্রিকেটার রীতিমতো হুমকি দিলেন। যদিও টিম ইন্ডিয়া তা খুব একটা গায়ে মাখেনি।
পারথে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের রেকর্ড বেশ ভাল। গত চার বছরে অজিরা এখানে কোনও ম্য়াচ হারেনি। গতবার যখন ভারত খেলতে এসেছিল, তখনও অস্ট্রেলিয়াই জিতেছিল। এটাও টিম ইন্ডিয়ার মাথাব্যথার কারণ হতে পারে। পাশাপাশি বিরাট কোহলির খারাপ ব্যাটিং ফর্মও টেনশন বাড়াচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট যারপরনাই খারাপ পারফরম্য়ান্স করেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়ান বললেন, 'আমার মনে হয়, ভারতীয় ক্রিকেট দল আপাতত যথেষ্ট চাপে রয়েছে। ব্যাটিং ডিপার্টমেন্টকে যথেষ্ট লড়াই করতে হচ্ছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া পারথ টেস্টে মাত্র ৪ দিনের মধ্যেই হেরে যাবে। অস্ট্রেলিয়া শুরু থেকেই ভারতের উপর চাপ বাড়াবে। ভারতীয় ক্রিকেট দল কম অভিজ্ঞ নয়। কিন্তু, ওরা যথেষ্ট চাপে থাকবে।'